নজরবন্দি ব্যুরো: আর মাত্র কয়েক ঘন্টা। তারপরেই গুজরাত উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে গুজরাত উপকূল থেকে ২০০ কিলোমিটার দূরে আছে ‘বিপর্যয়’। আশঙ্কা, আজ সন্ধ্যে থেকেই শুরু হয়ে যেতে পারে প্রবল ঝড়বৃষ্টি। এখন, মহাকাশ থেকে কেমন দেখাচ্ছে বিপর্যয়কে? সেরকমই বেশ অনেকগুলি ছবি পাঠালেন এক মহাকাশচারী।
আরও পড়ুন: ধ্বংসযজ্ঞ চালাতে পারে বিপর্যয়, ক্ষয়ক্ষতি থেকে রেহাই পাবে বাংলা?


আরবের এক মহাকাশচারী সুলতান আলনেয়াদী ট্যুইটারে তিনটি ছবি পোস্ট করেছেন। তিনি ছবিগুলি একটি আন্তর্জাতিক মহাকাশযান থেকে তুলেছেন। ছবিগুলিতে স্পষ্ট দেখা যাচ্ছে, আরব সাগরের ওপর অনেকখানি জায়গা জুড়েই অবস্থান করছে ‘বিপর্যয়’। ছবিগুলি ইতিমধ্যেই দৃষ্টি আকর্ষণ করছে নেটিজেনদের। প্রসঙ্গত, এর আগে একটি ভিডিও-ও দিয়েছিলেন সুলতান। সেখানে তিনি ঘূর্ণিঝড়টির কেন্দ্রবিন্দুকে বোঝানোর চেষ্টা করেছিলেন। ট্যুইটে ছবি পোস্ট করে সুলতান লিখেছেন, “আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে বিভিন্ন প্রাকৃতিক ঘটনার ছবি তোলা যায়, যেগুলি পৃথিবীর আবহাওয়া বিশেষজ্ঞদের অনেকাংশেই সাহায্য করবে।“
As promised in my previous video 📸 here are some pictures of the cyclone #Biparjoy forming in the Arabian Sea that I clicked over two days from the International Space Station 🌩️ pic.twitter.com/u7GjyfvmB9
— Sultan AlNeyadi (@Astro_Alneyadi) June 14, 2023

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ অর্থাৎ ১৫ই জুন বিকেল ৪ টে থেকে সন্ধ্যা ৮টার মধ্যে শুরু হয়ে যাবে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। প্রায় ১২৫-১৩৫ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই গুজরাতের জামনগরে ঝোড়ো হাওয়া শুরু হয়ে গিয়েছে, বৃষ্টি শুরু হয়েছে আরাবল্লীতে, দ্বারকার কাছে পরিবর্তন দেখা যাচ্ছে সমুদ্রেও।

ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর প্রভাবে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং নয়াদিল্লিতে। লাল সতর্কতা জারি করা হয়েছে কচ্ছ এবং সৌরাষ্ট্রে। মোতায়েন করা হয়েছে ১৫টি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। গুজরাতেই পাশাপাশি পাকিস্থানেও ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর প্রভাব পড়বে বল জানা গিয়েছে। তবে, পশ্চিমবঙ্গে এখনও কোনো ঝড়-বৃষ্টির আশঙ্কা নেই।
মহাকাশ থেকে কেমন দেখাচ্ছে বিপর্যয়কে? ছবি পাঠালেন এক মহাকাশচারী










