বাজেট নিয়ে কী বললেন বাংলার রাজ্যপাল?

মমতার কড়া সমালোচনার মাঝেই বাজেটের পক্ষে সওয়াল রাজ্যপালের। যুব ও নারীশক্তির ভবিষ্যৎ, শিল্পায়ন ও কর্মসংস্থানে বাংলার লাভের কথা বললেন সিভি আনন্দ বোস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কেন্দ্রীয় বাজেটকে ঘিরে যখন রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক, ঠিক সেই সময়েই ভিন্ন সুর শোনা গেল রাজভবন থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বাজেটকে ‘মিথ্যে কথার ফুলঝুরি’ বলে আক্রমণ করেছেন, সেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোস এই বাজেটকে দেশের ভবিষ্যৎ নির্মাণের রোডম্যাপ হিসেবে দেখছেন। তাঁর কথায়, যুবসমাজ ও নারীশক্তিকে সামনে রেখেই এই বাজেট—যার সুফল বাংলাও পাবে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করার পর রাজ্যপাল বলেন, “বিশ্ব অর্থনীতি এখন অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। ঠিক সেই সময়ে স্থায়িত্ব ও বৃদ্ধির ভারসাম্য রেখে এই বাজেট পেশ করা হয়েছে। দীর্ঘমেয়াদি উন্নয়নের দিকে স্পষ্ট নজর রয়েছে।” তাঁর মতে, ভবিষ্যতের চাহিদা মাথায় রেখেই এই আর্থিক রূপরেখা তৈরি।

মুখ্যমন্ত্রীর সমালোচনার জবাবে রাজ্যপাল বোস শিল্পায়ন ও কর্মসংস্থানের সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, “ফ্রেট করিডর, হাই-স্পিড রেল করিডরের মতো ঘোষণাগুলি শিল্পের গতি বাড়াবে। তার সঙ্গে বাড়বে কর্মসংস্থান।” তাঁর দাবি, বাজেটে নারীশক্তি ও যুবসমাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে—ডিজিটাল পরিষেবা, স্টার্টআপ এবং নতুন প্রজন্মের শিল্পগুলিতে বিনিয়োগ তার প্রমাণ।

‘বাংলাকে কিছুই দেয়নি’—এই অভিযোগ উড়িয়ে দিয়ে রাজ্যপাল বলেন, বাজেটে বাংলার জন্য বাস্তব সম্ভাবনা রয়েছে। “শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি মানে বাংলায় আরও হাসপাতাল ও মেডিক্যাল কলেজ গড়ে ওঠার সুযোগ। শিল্প, MSME ও স্কিল ডেভেলপমেন্টে জোর দেওয়ায় রাজ্যের যুবকদের সামনে নতুন কর্মসংস্থানের দরজা খুলবে,” বলেন তিনি।

কেন্দ্র-রাজ্য সম্পর্কের টানাপোড়েনের আবহে সহযোগিতার বার্তাও দিয়েছেন রাজ্যপাল। তাঁর বক্তব্য, “এই বাজেটে কেন্দ্র ও রাজ্যের পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে। আমাদের নিশ্চিত করতে হবে—বাজেটে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার প্রকৃত সুফল যেন প্রত্যেক বাঙালির কাছে পৌঁছয়।”

সব মিলিয়ে, বাজেট নিয়ে রাজ্য রাজনীতিতে মতভেদের মাঝেও রাজভবনের অবস্থান স্পষ্ট—এই বাজেটকে সম্ভাবনার জানালা হিসেবেই দেখছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত