ভোট এসেছে, ভোট গিয়েছে। কিন্তু, বিগত ৩৫ বছরে পরিবর্তন হয়নি গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে। এই সমবায়টা চরম দুর্দিনেও ধরে রেখেছিল সিপিআইএম। তবে, আর শেষরক্ষা হল না। গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে ৪৫টি আসনের সবক’টিই জিতে নিল তৃণমূল। একটিও আসন পেল না বামেরা।
আরও পড়ুন: সন্দেশখালির পুনরাবৃত্তি বিহারে, NET দুর্নীতির তদন্তে গিয়ে মার খেলেন CBI গোয়েন্দারা!



১৯৮৯ সাল থেকে গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন জিতে আসছে বামেরা। সেই অর্থে এবারেই বলা যায় ইন্দ্রপতন। এই সমবায়ে মোট ভোটার ২২৬৫ জন। আসন মোট ৪৫টি। তৃণমূল ও বামেরা সব আসনেই প্রার্থী দিয়েছিল। বিজেপি প্রার্থী দিয়েছিল ১২টি আসনে।
আজ, রবিবার ছিল ভোট। কড়া নিরাপত্তাতেই ভোটগ্রহণ হয়। বিকেলে ফল প্রকাশের পর দেখা যায়, সব ক’টি আসনেই জিতেছে তৃণমূল। জয়ের পরে সিঙ্গুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেন, ‘‘৩৫ বছর পর বামেদের হাত থেকে সমবায় ছিনিয়ে নিলাম। বাম-বিজেপি রামধনু জোট করেও কিছু করতে পারেনি।’’


সিঙ্গুরেও শেষরক্ষা হল না বামেদের, ৩৫ বছরের ধরে রাখা সমবায় ছিনিয়ে নিল তৃণমূল

পাল্টা বামেদের দাবি, তৃণমূল ভোট লুট করে জিতেছে। পুলিশের সামনেই ছাপ্পা ভোট হয়েছে। দলীয় প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায়কে মারধরও করা হয় বলে অভিযোগ। পুলিশের সামনে বুথ জ্যাম করে ভোট হয়েছে বলে সরব বামেরা। যদিও এই অভিযোগে সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল।







