জল্পনা চলছিলই। অবশেষে সেই জল্পনা সত্যি হল। মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন পশ্চিম বর্ধমান জেলায় বামেদের পরিচিত নেতা পঙ্কজ রায়সরকার। রবিবারই আবার তাঁকে দল থেকে বহিষ্কার করে সিপিআইএম। আগামীদিনে পঙ্কজকে দুর্গাপুর অঞ্চলে তৃণমূলের ট্রেড ইউনিয়নের দায়িত্ব দেওয়ার কথা।
আরও পড়ুন: কেন পদ্ম-বিমুখ উত্তরপ্রদেশ? যোগীর সঙ্গে একান্ত বৈঠকে ভাগবৎ
সিপিআইএম সূত্রে খবর, দীর্ঘদিন ধরে গোপনে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিল পঙ্কজের। সেই কারণে তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তও নেওয়া হয়। সেখানে দু’টি কারণ উল্লেখ ছিল, এক, ক্রমাগত পার্টি লাইনের বিরোধিতা। দুই, সরাসরি তৃণমূলের সঙ্গে যোগাযোগ। দলের শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জেলা কমিটি।

যদিও পঙ্কজের দাবি, তিনি দলের অন্দরে দীর্ঘদিন ধরে একটা প্রশ্ন তুলে আসছিলেন। সেটা হল, বামের ভোট কেন রামে যাবে? অর্থাৎ, সিপিআইএম-এর ভোট কীভাবে ঘুরে বিজেপির ভোটবাক্সে চলে যায়? তাঁর দাবি, তিনি সরব হলেও জেলা নেতৃত্ব তাঁর পাশে ছিল না। তাই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নেন। এ কথাও সত্যি, পঙ্কজের দলবদলের জল্পনা দানা বাঁধতেই তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
কেন বামের ভোট রামে যাবে? তৃণমূলে যোগ দিলেন CPIM নেতা পঙ্কজ

পঙ্কজ তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত। তিনি অত্যন্ত সুবক্তা, সংগঠন করার অভিজ্ঞতা রয়েছে। তাছাড়া বামেদের একাধিক আন্দোলনে জেলায় তিনি নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনীতিতে আসার গল্পটাও বেশ আকর্ষণীয়। তিনি চাকরি করতেন ইসিএলে। চাকরি ছেড়ে সিপিআইএম-এর হোলটাইমার হবার সিদ্ধান্ত নেন। প্রাক্তন শিল্পমন্ত্রী প্রয়াত নিরুপম সেনের স্নেহভাজন ছিলেন পঙ্কজ।



