রাজ্যের রাজনৈতিক অঙ্গনে দলবদল ঘিরে বিতর্ক আরও তীব্র। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সিপিএম থেকে বহিষ্কার করা হল যুব নেতা প্রতীক উর রহমানকে। দলের গঠনতন্ত্র মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাল সিপিএম নেতৃত্ব। ‘শত্রু শিবিরে যোগদান’ এবং ‘পার্টি বিরোধী কার্যকলাপ’-এর অভিযোগেই এই কড়া পদক্ষেপ বলে দাবি দলের।
শনিবার দক্ষিণ ২৪ পরগনার আমতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরে যোগ দেন প্রতীক উর রহমান। দীর্ঘদিনের বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত এই তরুণ নেতার দলবদল ঘিরে জল্পনা চলছিল কয়েকদিন ধরেই। যোগদানের পরেই দ্রুত বৈঠক ডেকে সিদ্ধান্ত নেয় সিপিএম।
দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে সর্বসম্মতভাবে প্রতীক উর রহমানকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। সিপিএমের বক্তব্য, “শত্রুশিবিরে যোগদান এবং পার্টি বিরোধী কার্যকলাপের কারণে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।”
এর আগে শুক্রবার রাজ্য কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেলিম প্রতীক উরের পদত্যাগ প্রসঙ্গে আবেগঘন মন্তব্য করেছিলেন। তিনি বলেন, “এই ধরনের কর্মীকে হারানো সন্তান হারানোর মতোই কষ্টের। গত দেড়-দু’মাস ধরে কিছু অভিযোগ আসছিল। বিষয়টি দেখার আশ্বাস দিয়েছিলাম, কিন্তু এরপর যোগাযোগ কমে যায়।”
অন্যদিকে, প্রতীক উরের তৃণমূলে যোগদান নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “তরুণদের বলব—তৃণমূলে আসুন। যতদিন আমি আছি, সুযোগ তৈরি করার চেষ্টা করব।”
রাজনৈতিক মহলের মতে, ডায়মন্ড হারবার এলাকার এই দলবদল আসন্ন নির্বাচনের আগে বাম ও তৃণমূল—দুই শিবিরের সমীকরণেই প্রভাব ফেলতে পারে। প্রতীক উরের যোগদান সিপিএম সংগঠনে কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।



