নজরবন্দি ব্যুরোঃ আরও অস্বস্তি বাড়ল অনুব্রত মণ্ডলের। আসানসোল থেকে দিল্লিতে সরে গেল গরু পাচার মামলা। বুধবার ইডির আবেদন মঞ্জুর করল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। এবার থেকে গরু পাচার মামলার শুনানি হবে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে।
আরও পড়ুনঃ স্বপ্নের হাসপাতাল চায় না বগুলা? নামবদলে মত নেই যাদবপুরের নিহত ছাত্রের এলাকাবাসীদেরই!
প্রসঙ্গত, এর আগেও বার দুয়েক ইডি-র তরফে গরু পাচার মামলাকে দিল্লিতে সরিয়ে দেওয়ার জন্য আবেদন করা হয়। কিন্তু তাতে অনুমতি দেয়নি আদালত। কেন দিল্লিতে এই মামলা স্থানান্তরিত করা হবে তা জানতে চান বিভারপতি। আগেই দু’বার সেই উত্তরে খুশি না হলেও অবশেষে আসানসোল থেকে দিল্লিতেই সরিয়ে দেওয়া হল গরু পাচার মামলা।

আসলে, বুধবার ইডি-র আইনজীবি একটি মাস্টারস্ট্রোক দেন। এদিন আদালতে ২০০৫ সালে ১ জুলাই কেন্দ্রীয় অর্থমন্ত্রকের জারি করা নোটিফিকেশন পেশ করেন ইডির আইনজীবী। সেই নোটিফিকেশনে বলা হয়েছে, আর্থিক দুর্নীতি মামলায় ৪৪/১সি ধারায় মামলা স্থানান্তরের আবেদন করতেই পারে ইডি। গত ২৮শে জুলাই সংশ্লিষ্ট ধারা প্রয়োগ করে আদালতে আবেদন করেন ইডির আইনজীবি অভিজিৎ ভদ্র। আজ ছিল সেই মামলার শুনানি। প্রায় ঘন্টা দেড়েক এই মামলা চলে। শেষমেশ আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী দিল্লিতে মামলা সরিয়ে দেওয়ার আর্জিকে মঞ্জুর করেন।

কষ্ট বাড়ল কেষ্টর! আসানসোল থেকে দিল্লিতে সরল গরু পাচার মামলা
গরু পাচার মামলায় নাম জড়িয়ে এই মুহূর্তে তিহাড় জেলে রয়েছেন বীরভূমের তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। গ্রেফতার করা হয়েছে তাঁর কন্যা সুকন্যা মণ্ডল এবং অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সহগেল হোসেনকেও। একাধিকবার জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে যাচ্ছে আদালতে। ফলে, আপাতত জেলবন্দি অবস্থাতেই কাটাতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে।




