নজরবন্দি ব্যুরোঃ ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপটে দেশ তথা বিশ্বজুড়েই বাড়ছে সংক্রমণ। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার পার করেছে। পাশাপাশি রাজ্যে করোনা সংক্রমণ (Coronavirus) বেড়ে চলেছে বিপুল গতিতে। গত ৮ দিনে যা বেড়েছে ২০ গুণেরও বেশি। গত ২৮ ডিসেম্বর রাজ্যজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মাত্র ৭৫২, সেখানে ৮ দিনের ব্যাবধানে আজ আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২২ জন!
আরও পড়ুনঃ করোনা কাঁটায় জেরবার টলিউড, এবার আক্রান্ত পরমব্রত ও রুদ্রনীল


আজ রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে বাংলায় করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৪২ জন। যার মধ্যে আজই সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৭ হাজারের বেশি। টেস্ট বাড়াতেই হুড়মুড়িয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা। বুধবার স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২২ জন। কিন্তু এদিন টেস্ট হয়েছে ৬০ হাজার ৫১১ টি। বাংলাজুড়ে কোভিডের পজিটিভিটি রেট আজ ২৩.১৭ শতাংশ।
আজ সুস্থতার হারও কমেছে অনেকটাই। কদিন আগেও রাজ্যে সুস্থতার হার ছিল প্রায় সাড়ে ৯৮ শতাংশ, আজ তা দাঁড়িয়েছে ৯৬.৮৫ শতাংশে। গত কয়েকদিনের পরম্পরা মেনে এদিন সব থেকে বেশি সংক্রমণ ধরা পড়েছে শহর কলকাতায়। ২৪ ঘন্টায় তিলোত্তমায় করোনা আক্রান্ত হয়েছে ৬ হাজার ১৭০ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। কলকাতাতে এই মুহুর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৮৫।
কলকাতার পরেই স্থান পেয়েছে উত্তর ২৪ পরগণা। উত্তর ২৪ পরগণা জেলায় আজ গতকালের থেকে আক্রান্তের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। আজ আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৪০ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। উত্তর ২৪ পরগণার পর তৃতীয় স্থানে রয়েছে হাওড়া জেলা। আজ এই জেলায় ২ টি মৃত্যু সহ নতুন করে আক্রান্ত হয়েছে ১২৮০ জন। এই তিনটি জেলা ছাড়াও রাজ্যের সব জেলাতেই উল্লেখযোগ্য হারে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা।


আজ রাজ্যে করোনা মৃত্যুর সংখ্যা বেড়েছে ভয়াবহ হারে। ২৪ ঘন্টায় ১৭ জন মারা গিয়েছেন করোনাভাইরাসের থাবায়। তৃতীয় ঢেউয়ে গতকাল পর্যন্ত উত্তরবঙ্গের হাল স্বাভাবিক ছিল। কিন্তু আজকের বুলেটিন বলছে অন্য কথা। এদিন শুধু দার্জিলিং জেলাতে আক্রান্ত হয়েছেন ১৯৩ জন। একদিনেই অ্যাকটিভ কেস বেড়েছে ১৩৯ টি!!
২৪ ঘন্টায় ১৪ হাজার আক্রান্তের সাথে ১৭ টি মৃত্যু, করোনায় কাঁপছে বাংলা! দেখুন সার্বিক বুলেটিন।










