নজরবন্দি ব্যুরো: গতবছর মে মাসে বহরমপুরের গলিতে ঘটে যাওয়া এক হত্যাকাণ্ড গোটা রাজ্যে সাড়া ফেলে দিয়েছিল। নিজের মেসের সামনেই প্রেমিক সুশান্ত চৌধুরীর হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন সুতপা চৌধুরী। অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অবশেষে ঘটনার ১৬ মাস পর সাজা শোনাল আদালত। ‘দোষী’ সুশান্তকে ফাঁসির সাজা দিল বহরমপুর আদালত।
আরও পড়ুন: CBI চিঠি নিয়ে ‘ষড়যন্ত্র’ দেখছেন সুজিত বসু, মানহানি মামলার হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রীর
২০২২ সালের ২ মে সন্ধ্যেয় এক বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন বহরমপুর গার্লস কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সুতপা চৌধুরী। সিনেমা দেখে শহীদ সূর্য সেন রোড দিয়ে ফেরার সময়েই সুশান্ত তাঁর পিছু নেয়। মেসের সামনে আসতেই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে এবং ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারতে থাকে। কয়েকজন এলাকাবাসীদের উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছিল, কিন্তু প্রাণ ভয়ে কেউই এগিয়ে যেতে পারেননি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে গোটা ঘটনাটি ধরা পড়ে। পুলিশ তদন্তে নেমে খুনের কয়েক ঘণ্টার মধ্যেই মৃতার প্রেমিক সুশান্তকে গ্রেফতার করে।

সূত্রে খবর, হত্যাকাণ্ডের ৩৫ দিনের মধ্যে চার্জশিট জমা করে পুলিশ। তারপর থেকেই চলছিল মামলা। ৩৪ জনের সাক্ষী নেওয়া হয়। পুলিশের তরফে ৩৮৩ পাতার চার্জশিট পেশ করা হয়। জানা গিয়েছে, এই মামলায় চিকিৎসক, সাংবাদিক, ডিএনএ বিশেষজ্ঞ সহ ৩৪ জনের সাক্ষী রয়েছেন। সাক্ষ্যগ্রহণ পর্বে সাক্ষী দেন মোট ১২ জন। পাশাপশি অনলাইন বিপণীর বেসরকারি সংস্থার কর্ণধারকেও ভার্চুয়াল মাধ্যমে আদালতে সাক্ষ্য নেওয়া হয়েছিল।

অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন)-সহ একাধিক আইনের ধারায় চার্জশিট দাখিল হয়। মৃতার পরিবার এবং গোটা বহরমপুর শহর অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব হয়েছিলেন। বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। এই হত্যাকাণ্ডকে ‘বিরলতম’ আখ্যা দিয়েছেন।
সুতপা হত্যাকাণ্ডে ফাঁসির সাজা সুশান্তর, ১৬ মাসের মধ্যেই রায় দিল আদালত




