নজরবন্দি ব্যুরো: ভারতীয় সেনায় পাক চর? ভুয়ো তথ্য দিয়ে ব্যারাকপুর সেনা ছাউনিতে চাকরি পেয়েছেন চার পাক নাগরিক, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন হুগলির বাসিন্দা বিষ্ণু চৌধুরী। বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে ছিল সেই মামলার শুনানি। কী হল এই মামলার শুনানিতে?
আরও পড়ুন: নিয়োগের দাবিতে বিধায়ক হস্টেলের সামনে বিক্ষোভ SLST চাকরিপ্রার্থীদের


আজ, সিবিআইয়ের আইনজীবী জানান, ব্যারাকপুর সেনা ছাউনিতে পাক নাগরিকের চাকরি ছাড়াও ওবিসি সার্টিফিকেট জাল করে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে চাকরি হয়েছে। এভাবেই উত্তর-পূর্ব ভারত সহ অন্য রাজ্য থেকে জাল নথি দিয়ে বাহিনীতে নিয়োগ হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে গোয়েন্দা সংস্থা। এর সঙ্গে যোগ থাকতে পারে আন্তর্জাতিক চক্রেরও। এবার দেশের নিরাপত্তার স্বার্থে জয় সেনগুপ্ত সিবিআইকে দ্রুত এফআইআর করে তদন্তের নির্দেশ দিলেন।

এদিন সিবিআই আইনজীবী বলেন, “যেভাবে শংসাপত্র জাল করে বাহিনীতে নিয়োগের ঘটনা ঘটেছে তাতে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড় বিপদ ঘটতে পারে। এখনও অবধি কোনও বিদেশি নাগরিকের এইভাবে চাকরি পাওয়ার হদিশ না পাওয়া গেলেও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এক্ষেত্রে তদন্তে ইন্টারপোলের সাহায্য প্রয়োজন হতে পারে”।



সোমবার এই মামলার প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট হাইকোর্টে জমা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেখানে সিবিআই জানিয়েছে, নিয়োগের শংসাপত্রে স্বাক্ষর রয়েছে খোদ এসডিও-র! অর্থাৎ, পুলিশ এবং প্রশাসনের প্রত্যক্ষ মদত ছাড়া এই কাজ সম্ভব নয়। এমনকী পাক নাগরিক সহ বিদেশিরাও চাকরি পেয়ে থাকতে পারেন বলে অনুমান গোয়েন্দা এজেন্সির।
অন্যদিকে, ভারতীয় সেনাবাহিনীতে সত্যিই পাকিস্তানি নাগরিক আছেন কি না, থাকলেও কী ভাবে এলেন, বিষয়টি নিয়ে আগেই সিআইডিকে প্রাথমিক ভাবে অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পরে হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা সিবিআইকেও বিষয়টি দেখতে বলেন। আদালতের বক্তব্য ছিল, দেশের নিরাপত্তার স্বার্থে সব সংস্থাকে একযোগে কাজ করতে হবে।

অভিযোগকারী বিষ্ণু চৌধুরীর কথায়, “আমার অভিযোগ সত্যি বলে প্রমাণিত হল। আমি বিচারপতি রাজাশেখর মান্থাকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি আমার মামলার গুরুত্ব বুঝে মামলাটি গ্রহণ করেছিলেন। আমি একটা সময় ভেবেছিলাম এই সত্য তুলে ধরতে পারব না। এটা ভয়ঙ্কর নিয়োগ দুর্নীতি। আপাতত চারজন ধরা পড়েছে আগামী দিনে এরকম হাজার জন ধরা পড়বে”।
ভারতীয় সেনায় পাক চর? সিবিআইকে দ্রুত FIR করে তদন্তের নির্দেশ হাইকোর্টের








