নজরবন্দি ব্যুরোঃ কোভিড বিধি মেনে পুজোর আয়োজন হলেও রাস্তায় নেমেছিল মানুষের ঢল। মাস্ক ছিলনা অনেকের মুখেই। ফলে সংক্রমণের আশঙ্কা বাড়ছিল। আর এবার তা সত্যি হল। লক্ষ্মী পুজো দিনে স্বাস্থ্য দফতরকে চিন্তায় ফেলল কোভিড গ্রাফ। রাজ্যে লাফিয়ে বাড়ল করোনা সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে রাজ্যে ঊর্ধ্বমুখী কোভিডের দৈনিক আক্রান্তের সংখ্যা। সংক্রমণের গতি বৃদ্ধি পেয়েছে কলকাতাতেও।
আরও পড়ুনঃ ভাইফোঁটার পরেই পুরসভা নির্বাচন, তিনটি পর্যায়ে ভোট গ্রহণ হবে রাজ্য জুড়ে।
কিছুক্ষন আগে করোনা ভাইরাসের বুলেটিন দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ৮৬৭ জন। মৃত্যু হয়েছে ৯ জনের। গতকাল এই সংখ্যা ছিল, আক্রান্ত ৭২৬, তাঁর আগের দিন ৬৯০ আর তারও আগের দিন ৬২৪। অর্থাৎ পুজোর পরেই সংক্রমনের গতি ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। এদিকে ২৪৪ জন নতুন আক্রান্ত কে সাথে নিয়ে ৬১ টি অ্যাকটিভ কেস বেড়েছে তিলোত্তমায়। পাশাপাশি মৃত্যু হয়েছে ২ জনের। যা নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১১৩।
অন্য জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগণায় সংক্রমণ সব থেকে বেশি পাওয়া গিয়েছে। এই জেলায় আক্রান্ত হয়েছেন ১২৯ জন, মৃত্যু হয়েছে ৩ জনের। উত্তর ২৪ পরগণার পরেই রয়েছে হুগলী। এই জেলায় আক্রান্ত হয়েছেন ৯৬ জন। এদিন দক্ষিণ ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ৭১ জন। পিছিয়ে নেই হাওড়াও। হাওড়া তে এদিন আক্রান্ত হয়েছেন ৬৮ জন। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগণা বাদ দিয়ে কোন জেলাতেই নতুন আক্রান্তের সংখ্যা ১০০ পেরিয়ে যায়নি।
রাজ্যে লাফিয়ে বাড়ল করোনা সংক্রমণ, এবার তৃতীয় ঢেউ?
রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ৩৫ হাজার ৬৭৩ টি। এদিন রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৯৫ জন। যা নিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ১৫ লক্ষ ৫৬ হাজার ৩১৫ জন। বাংলায় করোনা ভাইরাসের কবলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৯ হাজার ৭ জন। সার্বিক ভাবে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। দেখুন বুলেটিন।





