নজরবন্দি ব্যুরোঃ দেশে একদিনে করোনা আক্রান্ত ৩ লক্ষ ৬১ হাজার, আমেরিকা, ব্রাজিল, মেক্সিকোর পরই সবচেয়ে ভয়াবহ অবস্থা আমাদের এই দেশ ভারতের। আক্রান্তের সংখ্যায় অবশ্য গত কয়েক দিন ধরেই বিশ্বরেকর্ড গড়ছিল দেশ। মাঝখানে একদিনের বিরতির পর বুধবার ফের রেকর্ড অঙ্কে পৌঁছেছে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।
আরও পড়ুনঃ রিখটার স্কেলে মাত্রা ৬.৪! প্রবল ভূমিকম্প উত্তরবঙ্গ, আসাম জুড়ে।
বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ৬০ হাজার ৯৬০ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ৩৭ হাজার বেশি। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭৯ লক্ষ ৯৭ হাজার ২৬৭ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ২ লক্ষ ১ হাজার ১৮৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯৩ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটা বেশি। করোনার দ্বিতীয় ধাক্কায় এই প্রথম মৃত্যু ৩ হাজার পেরল।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ২ লক্ষ ৬১ হাজার ২৭২ জন। যা দৈনিক আক্রান্তের থেকে অনেক কম হলেও এযাবৎ কালের রেকর্ড। আপাতত দেশের মোট অ্যাকটিভ কেস বেড়ে দাঁড়াল ২৯ লক্ষ ৭৮ হাজার ৭০৯ জন। দেশে এখনও পর্যন্ত সবমিলিয়ে সুস্থ হয়েছেন ১ কোটি ৪৮ লক্ষ ১৭ হাজার ৩৭১ জন। এখনও পর্যন্ত দেশে মোট টিকা পেয়েছেন ১৪ কোটি ৭৮ লক্ষ ২৭ হাজার ৩৬৭ জন।
এছাড়া পশ্চিমবঙ্গ বেলাগাম করোনা সংক্রমণে জেরবার। ফের মৃত্যুর সংখায় নয়া রেকর্ড। একদিনে বাংলায় মৃত্যু হয়েছে ৭৩ জন করোনা আক্রান্ত রোগীর। গত ২৪ ঘণ্টায় নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪০৩ জন। এই মুহূর্তে রাজ্যে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ২৮১ জন। একদিনে করোনা মুক্ত হয়েছেন ১০ হাজার ৬৬৪ জন।
দেশে একদিনে করোনা আক্রান্ত ৩ লক্ষ ৬১ হাজার, কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭০৮ জন। মৃত্যু হয়েছে ২৪ জনের। একদিনে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫১ জন। এই জেলায় একদিনে মৃতের সংখ্যা ১৩। এখনও পর্যন্ত বাংলায় মোট আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭৬ হাজার ৩৪৫ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৮২।



