নজরবন্দি ব্যুরো: ৫১ ঘণ্টা পর বালেশ্বরে চলল ট্রেন। আপ এবং ডাউন লাইনে ট্রেনের ধ্বংসস্তূপ সরিয়ে চালানো হল মালগাড়ি। আতঙ্কের রেশ কাটিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হল। বাহানাগা স্টেশন থেকে আপ এবং ডাউন লাইনে চলল প্যাসেঞ্জার ট্রেন । হাত জোড় করে ভগবানকে ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দুর্ঘটনার পর থেকে রেলমন্ত্রী দুর্ঘটনাস্থলেই রয়েছেন। রবিবার রাত ১২টা বেজে ৫ মিনিটে দুই লাইনেই ট্রেন চালু হল।
দুর্ঘটনাস্থল থেকে ফের যখন ট্রেন পরিষেবা চালু হল তখন কেন্দ্রীয় রেলমন্ত্রীকে কিছুটা আবেগতাড়িত দেখাচ্ছিল। এই সংক্রান্ত একটি টুইট ভিডিও এই মুহুর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে। নিজের প্রতিক্রিয়াতে অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ‘মনে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। এই দুর্ঘটনায় যাদের প্রাণহানি হয়েছে, তাঁদের ফিরিয়ে আনতে পারব না। কিন্তু, উদ্ধারকারী দল এবং রেলকর্মীরা প্রথম দিন থেকে যেভাবে মনের জোর রেখে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য লড়াই করলেন, আপনাদের সকলকে কুর্নিশ জানাচ্ছি।‘

প্রসঙ্গত, শনিবার দুপুরেই উদ্ধারকাজ শেষ হয়েছে বলে জানিয়ে দিয়েছিল এনডিআরএফ, এসডিপআরএফ। শনিবার রাত থেকেই ধ্বংসস্তূপ সরানোর কাজে হাত দেয় রেল কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় চলেছে এই কাজ। জানা গিয়েছে, রাত ১০টা ৪০ মিনিট নাগাদ প্রথমে ডাউন লাইনে একটি মালগাড়ি চালানো হয়। এটা ছিল ট্রায়াল রান। এরপর রাত ১১টা ৩৯ মিনিটে চালানো হয় দ্বিতীয় মালগাড়িটি। এরপর আপ লাইনে প্রথম ট্রেন চালানো হয় মাঝরাতে, ১২টা বেজে ৫ মিনিটে। ইতিপূর্বে, রেলমন্ত্রী জানিয়েছিলেন মঙ্গলবার রাত কিংবা বুধবার সকালের মধ্যে ট্রেন পরিষেবা স্বাভাবিক করে দেওয়া সম্ভব হবে।

রেলমন্ত্রী এদিন আরও বলেন, ‘দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ এসেছিলেন এখানে। তিনি মনে জোর দিয়েছেন। ৫১ ঘণ্টার চেষ্টায় ধ্বংসস্তূপ সরিয়ে, লাইন মেরামত করা হয়েছে। আপ এবং ডাউন মিলিয়ে মোট তিনটি মালগাড়ি চালানো হয়েছে এই রুটে। সোমবার আরও সাতটি ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছি আমরা।‘
ওড়িশার বালেশ্বর রুটে চালু হল ট্রেন পরিষেবা, স্বাভাবিক হতে বুধবার গড়িয়ে যেতে পারে

শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনার পর থেকেই অধিকাংশ ট্রেনই বাতিল করা হয়েছে বালেশ্বর রুটে। এর ফলে চেন্নাইগামী, ওড়িশাগামী ট্রেনগুলি বাতিল করা হয়। অন্যদিকে চেন্নাই, ওড়িশাতে আটকে থাকা কলকাতাগামী যাত্রীরা ফিরে আসতে গিয়ে বিপাকে পড়েন। কবে ফের পরিষেবা স্বাভাবিক হবে, সেদিকেই তাকিয়ে ছিলেন যাত্রীরা। বিকল্প পথ দিয়ে কার্যত হন্যে হয়ে ছুটোছুটি করছেন ফিরে আসার জন্যে আটকে পড়া যাত্রীরা। এদিকে নবীন পট্টনায়েকের ওড়িশা সরকার আটকে থাকা যাত্রীদের কলকাতায় ফিরে আসার জন্যে বিনামূল্যে বাস পরিষেবা চালু করেছে।



