নজরবন্দি ব্যুরোঃ ত্রিপুরায় শক্তি বাড়ছে তৃণমূলের! সে রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষকান্তি বিশ্বাস এর কথায় সেই ইঙ্গিতই মিলেছে। এই মুহুর্তে বাংলা পেরিয়ে মমতা সরকারের লক্ষ্য দেশ জয়। ইতিমধ্যে খোদ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সে কথা। দেশ বিজয়ের লক্ষ্যে তৃণমূলের নজর আটকে বিল্পব গড়।
আরও পড়ুনঃ বৃহস্পতির বারবেলায় শিখাকে ফোন মমতার, তৃণমূলে যোগদানের আহ্বান


দফায় দফায় বাংলা থেকে নেতা মন্ত্রীরা যাচ্ছেন ত্রিপুরায়। ইতিমধ্যে দু’বার সে রাজ্যে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অভিযোগ সে রাজ্যে তালিবানি শাসন চালাচ্ছে বিজেপি। বারবার আক্রমণ করা হচ্ছে তৃণমূলের ওপর।
ত্রিপুরায় ভিত স্থাপনের শুরুতে জল্পনা ছিল বিপ্লব গড়ে ঘাসফুল শিবিরের সঙ্গে জোট বাঁধতে পারে বামেরা। সেই জল্পনার অবসারের পর এবার আভাস এল কংগ্রেসের জোট বাঁধার। ত্রিপুরার প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছেন, “এ রাজ্যে বিজেপিকে হারাতে তৃণমূলের সঙ্গে জোটের প্রয়োজন হলে, তা হবে। আর তাকে আমরা স্বাগত জানাব। কিন্তু সেক্ষেত্রে রাজ্যে তৃণমূলকে শক্তিশালী দল হিসাবে উঠে আসতে হবে।”
তবে তার আগেই তৃণমূলকে আরও শক্তিশালী হওয়ার কথাও বলেছেন তিনি। পীযূষকান্তির মতে “দলটা সবে রাজ্যে রাজনীতি শুরু করেছে। আগে তারা শক্তিশালী হোক। একইসঙ্গে সতর্ক করেছেন দলবদলুদের নিয়ে।” কংগ্রেস ছেড়ে যাঁরা এই মুহুর্তে দলভারী করছেন তৃণমূলের,


তাঁদের হয়ে সতর্কবার্তা দিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছেন, কংগ্রেসের নাম করে যাঁদের দলে নেওয়া হচ্ছে তাঁরা সবসময়ই যে কোনও দলের বোঝা। কখনও এ দল, কখনও সে দল করে বেড়ান। এঁদের সঙ্গে কংগ্রেসের বহুদিন কোনও সম্পর্ক নেই। তবে কংগ্রেসের তরফ থেকে জোটের আভাস দেওয়া হলেও তৃণমূল তাতে আগ্রহী কিনা সেটাই এই মুহুর্তে লাখ টাকার প্রশ্ন হয়ে উঠেছে রাজনীতির অন্দরে।







