নজরবন্দি ব্যুরোঃ নভেম্বরেই তৃণমূল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল কাউন্সিলররা। এরপর আস্থা ভোটে নির্দল কাউন্সিলরকে সঙ্গে নিয়ে বোর্ড গঠন করতে উদ্যোগ নিয়েছিল কংগ্রেস। তা রুখতেই প্রশাসকের নাম ঘোষণা করে রাজ্য। শনিবার রাজ্যের সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে ঝালদায় বোর্ড গঠন করল কংগ্রেস। ঝালদা পুর বোর্ডের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলেন শীলা চট্টোপাধ্যায়।
উল্লেখ্য, পুরভোটের পর থেকেই রাজ্য রাজনীতিতে নজর কেড়েছিল ঝালদা পুরসভা। নিহত কাউন্সিলর তপন কান্দুর সেই ঝালদা পুরসভা এখন রাজ্য রাজনীতির নজরে। ১২ আসনের ঝালদা পুরসভায় তৃণমূল ও কংগ্রেস ৫ টি করে আসনে জয়লাভ করে। বাকি দুটি জেতে নির্দল। সেখানে প্রথমে তৃণমূলের বোর্ড গঠন করে। পরে তৃণমূলের চেয়ারম্যান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে অনাস্থা এনেছিল বিরোধীরা। মামলা গড়ায় হাইকোর্টে।

পরে রাজ্যপাল সিভি আনন্দ বোসের নির্দেশে আপাতত পুরবোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় তৃণমূলের কাউন্সিলর জবা মাছুয়াকে। তিনি চেয়ারম্যান সুরেশ আগরওয়ালের ঘনিষ্ঠ বলেই জানা গেছে। এরই মধ্যে বোর্ড গঠন করল কংগ্রেস।
শনিবার কোনরকম বিশৃঙ্খলা এড়াতে বিরাট নিরাপত্তা জারি করা হয়েছে। ২০০ মিটার এলাকাজুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। থমথমে ছিল গোটা এলাকা। বোর্ড গঠনের পর এদিন ঝালদা পুরসভা থেকে ঝালদার কংগ্রেস পার্টি অফিসে মিছিলও করেন কংগ্রেস কাউন্সিলররা। তবে বোর্ড গঠনের সময় উপস্থিত ছিলেন না তৃণমূলের কোনও কাউন্সিলর।
ঝালদায় বোর্ড গঠন করল কংগ্রেস, পঞ্চায়েত নির্বাচনের আগে বড় ধাক্কা

অন্যদিকে, গতকাল এর আগে ঝালদা পুরসভার আস্থা ভোটে পরাজিত হয়েছেন তৃণমূলের পুরপ্রধান সুরেশ আগরওয়াল। শনিবার নতুন বোর্ড গঠনের কথা রয়েছে। তাই মামলাকারীদের আশঙ্কা মিথ্যে মামলায় তাঁদের ফাঁসানো হতে পারে। এরপরেই ৬ জন কাউন্সিলরদের রক্ষাকবচ দেয় কলকাতা হাইকোর্ট।



