বাংলায় প্রথম দফায় ১০০ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের? তালিকায় থাকতে পারে অধীর–মৌসমদের নাম

পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে প্রথম দফায় প্রায় ১০০ আসনে প্রার্থী ঘোষণা করতে পারে কংগ্রেস। তালিকায় অধীর চৌধুরী, মৌসম নুর-সহ একাধিক গুরুত্বপূর্ণ নেতার নাম থাকার জল্পনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া জোরকদমে শুরু করেছে কংগ্রেস। জেলা পর্যায়ে অবজারভার ও মাইক্রো অবজারভার নিয়োগের পর এবার ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে দল। সূত্রের খবর, প্রথম দফাতেই প্রায় ১০০টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করতে পারে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি (AICC)। সেই তালিকায় দলের একাধিক পরিচিত মুখের নাম থাকার সম্ভাবনা তৈরি হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, প্রথম তালিকা প্রকাশের আগে রাজ্য কংগ্রেস নেতৃত্ব একাধিক বৈঠক সেরে ফেলেছে। গত সোমবার ও মঙ্গলবার দু’দফায় প্রদেশ নির্বাচন কমিটি, স্ক্রিনিং কমিটি এবং জেলা পর্যবেক্ষকদের নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। এই বৈঠকেই প্রার্থী নির্বাচনের প্রাথমিক খসড়া তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে।

দীর্ঘদিন পর এআইসিসির নির্দেশে ওই বৈঠকে যোগ দেন প্রাক্তন প্রদেশ সভাপতি Adhir Ranjan Chowdhury। সূত্রের দাবি, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে শেষ সিদ্ধান্ত এআইসিসি ও প্রদেশ সভাপতির হাতেই থাকবে—এই বার্তাই বৈঠকে স্পষ্ট করে দেন অধীর।

এদিকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার সন্ধ্যায় দিল্লি পাড়ি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি Subhankar Sarkar। নির্বাচন কমিশন যদি শীঘ্রই বাংলার ভোটের দিন ঘোষণা করে, তাহলে তার পরপরই প্রথম দফার ১০০ প্রার্থীর তালিকা প্রকাশ করা হতে পারে বলে দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে।

দলীয় অন্দরমহলের মতে, প্রথম তালিকায় ‘টপ প্লেয়ার’দের নাম রাখার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে মালদহ, মুর্শিদাবাদ, হুগলি এবং বর্ধমান জেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে প্রার্থীদের নাম ঘোষণা হতে পারে প্রথম দফাতেই।

মালদহ জেলার ক্ষেত্রে প্রাক্তন সাংসদ Mausam Noor-সহ তাঁর পরিবারের আরও কয়েক জনের নাম সম্ভাব্য প্রার্থী তালিকায় থাকতে পারে বলে আলোচনা চলছে। অন্যদিকে মুর্শিদাবাদ জেলার সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে কিছুটা রহস্য তৈরি হয়েছে।

দলীয় সূত্রের দাবি, মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে সরাসরি রাজ্য নেতৃত্বকে তালিকা পাঠানো হয়নি। বরং একটি গোপন তালিকা পর্যবেক্ষক Ghulam Nabi Mir–এর হাতে তুলে দিয়েছেন অধীর চৌধুরী নিজে। সেই তালিকায় অধীরের নামও বিধানসভা প্রার্থী হিসেবে থাকতে পারে বলে দলের একাংশের দাবি। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও নিশ্চিতকরণ হয়নি।

অন্যদিকে প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার নিজের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে জল্পনা উড়িয়ে দিয়ে দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দিয়েছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee–এর একটি পুরনো মন্তব্য—“২৯৪ আসনে আমিই প্রার্থী।” শুভঙ্করের কথায়, কংগ্রেস ২০ বছর পর একা লড়াই করছে এবং ২৯৪টি আসনেই প্রার্থী দেবে। জয় বা পরাজয় যাই হোক, তার দায় তিনি দলের সভাপতি হিসেবে নিজেই নেবেন।

সব মিলিয়ে, বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত