নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েতের আগে ফের একবার ধুন্ধুমার মুর্শিদাবাদের রানিনগরে। কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য করে লাগাতার পাথর ছোঁড়া হল। এমনকি অভিযোগ, রাস্তায় ফেলে ওই কংগ্রেস প্রার্থীকে দাঁ দিয়ে কোপানোর চেষ্টা করা হয়। গুরুতর ভাবে জখমও হন তিনি। এরপর তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে হাত শিবির। যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে শাসক দলের তরফে।
আরও পড়ুন: চলছে জোর কদমে প্রচার, তিন জেলায় বিভক্ত বিজেপির তিন হেভিওয়েট নেতা!
জানা গিয়েছে, রানিনগর-১ নং ব্লকের রায়পুর এলাকায় কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন শরদিন্দু মণ্ডল। দিন কয়েক আগে তিনি তাঁর ফেসবুকে শাসক দলের বিরুদ্ধে আবাস দুর্নীতি নিয়ে সরব হন। সেই কারণেই শরদিন্দুর ওপর এই হামলা করা হয়েছে বলে অভিযোগ এনেছে কংগ্রেস। রবিবার সকালে স্থানীয় তৃণমূল নেতা চিন্ময় মণ্ডলের বাড়ির সামনে তাঁকে কয়েক জন ঘিরে ধরে চড়াও হয় বলে জানিয়েছেন শরদিন্দু। তাঁর অভিযোগ, হামলাকারী প্রত্যেকেই তৃণমূল দলের সদস্য। এরপর তাঁকে দাঁ দিয়ে কোপানোর চেষ্টা করে তাঁরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে রানিনগরে।

শরদিন্দু মণ্ডল বলেছেন, ‘‘স্থানীয় তৃণমূল নেতারা বিধবা, দলিত মহিলাদের নামে আবাস যোজনার টাকা এলে সব টাকা হাতিয়ে নেয়। আমি প্রতিবাদ করে ফেসবুকে পোস্ট করেছিলাম। সেই কারণেই আমার ওপর আক্রমণ করেছে তাঁরা”।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে বারবার শিরোনামে রানিনগর। এর আগে তৃণমূলের তরফে অভিযোগ ছিল, বাম ও কংগ্রেস মিলে তাঁদের মারধর করেছে। রাতে এলাকায় শুরু হয় বোমাবাজি। আবার আরেক পঞ্চায়েত সমিতির কংগ্রেস প্রার্থী কুদ্দুস আলির বাড়িতে তৃণমূল হামলা চালিয়েছে বলে শোনা গিয়েছে। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে রাজ্যে। ইতিমধ্যেই রাজনৈতিক হিংসার বলি হয়েছেন ১০ জন। নানান ঘটনায় শুধু একে অপরকে দোষারোপ ছাড়া কিছুই হচ্ছে না, কেবল ভোটকে কেন্দ্র করে প্রাণ যাচ্ছে মানুষের।
রানিনগরে আক্রান্ত কংগ্রেস প্রার্থী, তৃণমূলকে নিশানা হাত শিবিরের




