মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার মাত্র দু’সপ্তাহের মধ্যেই রাজধানী সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। নতুন সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন, মন্ত্রিসভা সম্প্রসারণ এবং আর্থিক পরিকল্পনা— একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েই দিল্লিতে ব্যস্ত কর্মসূচি থাকতে পারে তাঁর। রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি নজর প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য বৈঠক ঘিরে।
শুভেন্দু অধিকারী গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই প্রশাসনিক সিদ্ধান্তে গতি আনার বার্তা দিয়েছেন। ইতিমধ্যেই সরকার একাধিক প্রতিশ্রুতিমূলক পদক্ষেপের ঘোষণা করেছে বলে রাজনৈতিক সূত্রে দাবি। এই আবহেই বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর দিল্লি পৌঁছনোর সম্ভাবনা তৈরি হয়েছে।
সূত্রের খবর, দিল্লি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেন্দুর সাক্ষাৎ হতে পারে। প্রধানমন্ত্রী বর্তমানে বিদেশ সফর শেষে দেশে ফিরছেন এবং সেই কারণে শুক্রবার বৈঠকের সম্ভাবনাই বেশি বলে রাজনৈতিক মহলের অনুমান।
একই সঙ্গে অমিত শাহর সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। বিরোধী দলনেতা থাকাকালীন দিল্লি সফরে শুভেন্দুর সঙ্গে শাহের বৈঠক প্রায় নিয়মিত ঘটনা ছিল। এবার মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর প্রথম সফর হওয়ায় সেই বৈঠক আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে।
রাজনৈতিক সূত্রের দাবি, রাজ্যের মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়েও দিল্লিতে আলোচনা হতে পারে। মুখ্যমন্ত্রীর পছন্দের সম্ভাব্য মন্ত্রীদের তালিকা ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব এবং সঙ্ঘের কাছে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।
তবে এই সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক অর্থনীতি। রাজ্যের আর্থিক পরিস্থিতি, কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া অর্থ এবং ভবিষ্যৎ আর্থিক রূপরেখা নিয়ে নির্মলা সীতারমনের সঙ্গে আলোচনা হতে পারে বলেও সূত্রের দাবি। কেন্দ্রীয় প্রকল্পে অর্থ বরাদ্দ এবং আর্থিক সহযোগিতা চাওয়ার বিষয়ও আলোচনায় উঠে আসতে পারে।
দিল্লি সফরকে ঘিরে তাই প্রশাসনিক ও রাজনৈতিক— দুই ক্ষেত্রেই বাড়ছে আগ্রহ। শপথের পর এই প্রথম রাজধানী সফরে শুভেন্দু কী বার্তা নিয়ে ফেরেন, এখন সেদিকেই নজর রাজ্যের রাজনৈতিক মহলের।



