জেলায় জেলায় তৈরি হবে শপিং মল, ক্যাফেটেরিয়া-সিনেমা হল সহ উন্নত পরিকাঠামো, ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর জন্য আলাদা তল, থাকবে বাংলা সিনেমার ডিস্ট্রিবিউশনের সুযোগ এবং চামড়াজাত দ্রব্যের বিক্রয় কেন্দ্র।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বছর শেষে রাজ্যের মানুষের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে সাংবাদিক বৈঠকে তিনি জানান, রাজ্যের প্রতিটি জেলায় আধুনিক শপিং মল তৈরি করা হবে। এসব শপিং মলে থাকবে ক্যাফেটেরিয়া, রেস্তোরাঁ এবং আধুনিক সিনেমা হল। এই প্রকল্পের মাধ্যমে জেলাস্তরের অর্থনীতি মজবুত করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি শপিং মলে দুটি তল স্থানীয় স্বনির্ভর গোষ্ঠী এবং আর্টিজানদের জন্য সংরক্ষিত থাকবে। এর ফলে স্থানীয় স্তরের শিল্পীদের কাজের সুযোগ তৈরি হবে এবং তাদের উৎপাদিত পণ্য সরাসরি বাজারজাত করা সম্ভব হবে।

রাজ্য সরকার উদ্যোগপতিদের জমি চিহ্নিতকরণে সহায়তা করবে। মুখ্যমন্ত্রী প্রথম প্রকল্প হিসাবে দক্ষিণ ২৪ পরগনার আলিপুর চিড়িয়াখানার উল্টোদিকে একটি শপিং মল তৈরির ঘোষণা করেছেন। এছাড়াও, আলিপুর সংগ্রহশালার উল্টোদিকে চামড়াজাত দ্রব্যের বিক্রয় কেন্দ্র এবং বাংলার শাড়ির জন্য বিশেষ কেন্দ্র তৈরি হবে।

শপিং মলে আধুনিক সিনেমা হল থাকার ফলে বাংলা ছবির ডিস্ট্রিবিউশন আরও বাড়বে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। পাশাপাশি, জেলাস্তরে মানুষকে আধুনিক বিনোদনের সুযোগও দেওয়া হবে।

এই প্রকল্পের মাধ্যমে জেলাগুলিতে আধুনিক পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি, স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মনে করেন, এই উদ্যোগ রাজ্যের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর