এবার ক্লাস্টার বোমা দিয়ে হামলা ইরানের, মদত দিচ্ছে চিন-রাশিয়া! অভিযোগ ইজরায়েলের

ইরান ক্ষেপণাস্ত্রের সঙ্গে ক্লাস্টার বোমা ব্যবহার করে ইজ়রায়েলে হামলা চালাচ্ছে বলে অভিযোগ আইডিএফের। এই ইস্যুতে নতুন করে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ক্লাস্টার বোমা দিয়ে হামলার অভিযোগ তুলে পশ্চিম এশিয়ার সংঘাতে নতুন করে উত্তেজনা বাড়াল ইজ়রায়েল। ইজ়রায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) দাবি করেছে, ইরান ক্ষেপণাস্ত্রের সঙ্গে ক্লাস্টার বোমা যুক্ত করে হামলা চালাচ্ছে। আন্তর্জাতিক মহলে বহুদিন ধরেই বিতর্কিত এই অস্ত্রের ব্যবহার যুদ্ধক্ষেত্রে গুরুতর মানবিক সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হয়। যদিও ইরান এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। তবু পশ্চিম এশিয়ার চলমান সামরিক সংঘাতে এই অস্ত্র ব্যবহারের দাবি ঘিরে নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছে।

ইজ়রায়েলি সেনার আন্তর্জাতিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোসানি দাবি করেছেন, ইরান ইচ্ছাকৃত ভাবে এই ধরনের অস্ত্র ব্যবহার করছে। তাঁর অভিযোগ, ক্ষেপণাস্ত্রের সঙ্গে ক্লাস্টার বোমা যুক্ত করে ইজ়রায়েলের বিভিন্ন এলাকায় হামলা চালানো হচ্ছে।

শোসানির বক্তব্য অনুযায়ী, এই হামলার লক্ষ্য মূলত জনবসতিপূর্ণ অঞ্চল। ফলে সাধারণ নাগরিকদের প্রাণহানি ঘটছে। তাঁর কথায়, “সরাসরি নাগরিকদের উপর হামলা চালানো আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী এবং তা যুদ্ধাপরাধের সামিল।”

ইজ়রায়েলের আরও অভিযোগ, ইরানকে এই ধরনের অস্ত্র ব্যবহারে প্রযুক্তিগত বা সামরিক সহায়তা দিচ্ছে চিন এবং রাশিয়া। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত বেইজিং বা মস্কোর তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের মতে, ক্লাস্টার বোমা অত্যন্ত বিতর্কিত কারণ একটি বোমা বিস্ফোরিত হয়ে অসংখ্য ছোট সাবমিউনিশন ছড়িয়ে দেয়। এর ফলে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্ফোরণ ঘটে এবং বহু ক্ষেত্রে বোমার অবশিষ্টাংশ দীর্ঘদিন ধরে বিপজ্জনক হয়ে থাকে।

এই কারণেই বহু দেশ ক্লাস্টার মিউনিশন নিষিদ্ধ করার আন্তর্জাতিক চুক্তিতে সই করেছে। তবু বিশ্বের বিভিন্ন সংঘাতে এই অস্ত্র ব্যবহারের অভিযোগ মাঝেমধ্যেই সামনে আসে।

ইজ়রায়েল জানিয়েছে, তারা আন্তর্জাতিক আইন মেনেই পরিস্থিতির জবাব দেবে। তবে পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই অভিযোগ নতুন করে পরিস্থিতিকে জটিল করে তুলেছে বলেই মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর