নজরবন্দি ব্যুরোঃ কালিয়াগঞ্জে যুবকের মৃত্যুর তদন্তভার গেল সিআইডির হাতে। পুলিশ সূত্রে খবর, তদন্তভার পাওয়ার পর থেকেই কাজ শুরু করতে চলেছে রাজ্যের গোয়েন্দা দফতর। ডিআইজি অনুপ জয়সওয়াল জানিয়েছেন, গোয়েন্দা বিভাগের অফিসাররা যোগাযোগ করেছেন। তবে কবে থেকে তাঁরা কাজে নামবেন, তা এখনও জানাোনো হয়নি। যদিও সিবিআই তদন্তের দাবি তুলছে পরিবার।
আরও পড়ুনঃ Dilip Ghosh: পার্টি থাকবে কি না সেটা আগে দেখুক, অভিষেককে খোঁচা দিলীপের


গত বুধবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বিজেপির গ্রাম পঞ্চায়েতের সদস্য বিষ্ণু বর্মণের খুড়তুতো ভাই মৃত্যুঞ্জয় বর্মণকে গুলি চালানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়েছে, তাঁর শরীরে বুলেটের আঘাত মিলেছে। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাধিকাপুর। এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। স্বজনহারা পরিবার এখনও শোক সামলে উঠতে পারেনি। অসুস্থ মৃত্যুঞ্জয়ের বাবা রবীন্দ্রনাথ বর্মন, স্ত্রী গৌরীদেবী। সেই ঘটনায় পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করে পরিবার। কালিয়াগঞ্জ থানার আইসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার কালিয়াগঞ্জে থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মণের বাড়িতে যায় পুলিশ। সেখানেই ফের অশান্তি বাধে। তাতেই গুলি চলে বলে অভিযোগ। সেই ঘটনায় মৃত্যু হয় মৃত্যুঞ্জয় বর্মণের। এরপরই ঘটনায় লাগে রাজনীতির রং। যার প্রতিবাদে উত্তরবঙ্গজুড়ে বনধের ডাক দেওয়া হয় বিজেপির তরফে।
কালিয়াগঞ্জে যুবকের মৃত্যুর তদন্তভার গেল সিআইডির হাতে, কমছে না ক্ষোভ

মৃত্যুঞ্জয়ের মৃত্যুর প্রতিবাদে রবিবার মিছিল করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উপস্থিত ছিলেন মানধিকার কমিশনের পদাধিকারিরাও। সোমবার ইসলামপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি রয়েছে বিজেপির। রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে হবে বিক্ষোভ। উল্লেখ্য, মৃত্যুঞ্জয় বর্মনের দেহ দাহ হয়নি এখনও। বাড়ির কাছে তা সমাধিস্থ করে রাখা হয়েছে। তদন্তের প্রয়োজনে এই ব্যবস্থা করা হয়েছে। এমনটাই সূত্র মারফত খবর।


এদিকে, কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু নিয়ে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন এক আইনজীবী। সিবিআই দিয়ে করানোর দাবি জানান আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস।







