বিধানসভার সই জালিয়াতি কাণ্ডের তদন্তে এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছল সিআইডি। শনিবার দুপুরে প্রথমে শান্তিনিকেতনের বাসভবনে এবং পরে কালীঘাটের বাড়িতে যান তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে রাজ্যজুড়ে।
সূত্রের খবর, চার সদস্যের একটি সিআইডি দল প্রথমে শান্তিনিকেতনের বাড়িতে যায়। তবে সেখানে উপস্থিত কর্মীদের পক্ষ থেকে জানানো হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাঁর পরিবারের কেউ বাড়িতে নেই। ফলে তদন্তকারীরা ভিতরে প্রবেশ করতে পারেননি বলে জানা গিয়েছে।


দুপুর গড়াতেই সিআইডির দল পৌঁছে যায় কালীঘাটের বাড়িতেও। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর তদন্তকারীরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ফিরে যান। যদিও সিআইডির তরফে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।
তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিধানসভার পরিষদীয় দলনেতা নির্বাচন সংক্রান্ত একটি চিঠি এবং তাতে থাকা কয়েকজন বিধায়কের স্বাক্ষর। অভিযোগ, বৈঠকে অনুপস্থিত থাকা কিছু বিধায়কের নাম ও স্বাক্ষর নিয়ে প্রশ্ন উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে।
জানা গিয়েছে, বিধানসভা সচিবালয়ের তরফে এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছিল। পরবর্তীতে মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডি। ইতিমধ্যেই একাধিক বিধায়ক এবং রাজনৈতিক ব্যক্তিত্বের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করেছেন তদন্তকারীরা।


গত কয়েক দিনে তৃণমূলের একাধিক নেতা-নেত্রীর সঙ্গে যোগাযোগ করেছে সিআইডি। তাঁদের কাছে নির্দিষ্ট দিনের অবস্থান, বৈঠকে উপস্থিতি এবং সংশ্লিষ্ট নথি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে বলে সূত্রের খবর।
কালীঘাটের বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, সিআইডি কেন এসেছিল সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তাঁর দাবি, এখনও পর্যন্ত কোনও নোটিস তিনি পাননি। যদি কোনও অভিযোগ থাকে এবং আইনানুগ নোটিস দেওয়া হয়, তাহলে তিনি আদালতে গিয়ে নিজের অবস্থান স্পষ্ট করবেন।
অভিষেক বলেন, তদন্তকারী সংস্থার সামনে মাথা নত করার প্রশ্নই ওঠে না। অতীতেও বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার তদন্তের মুখোমুখি হয়েছেন এবং আইনগত পথেই লড়াই করেছেন বলে জানান তিনি। একই সঙ্গে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের মোকাবিলা আদালতেই করবেন বলে স্পষ্ট বার্তা দেন তৃণমূল নেতা।
সই জালিয়াতি সংক্রান্ত এই তদন্ত ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন ফেলেছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও নতুন তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। এখন নজর, সিআইডির পরবর্তী পদক্ষেপ এবং এই মামলার তদন্ত কোন দিকে এগোয় তার উপর।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



