শুক্রবারের ভয়াবহ ঝড়বৃষ্টির রেশ কাটতে না কাটতেই ফের সতর্কবার্তা দিল আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি এখনও বজায় রয়েছে। শনিবারও একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শুক্রবার বিকেলে কলকাতার উপর দিয়ে ঘণ্টায় প্রায় ৮৮ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়। ঝড় ও প্রবল বৃষ্টির জেরে শহর এবং শহরতলির একাধিক এলাকায় গাছ উপড়ে পড়ে, বিদ্যুৎ ও যান চলাচল ব্যাহত হয়। বিভিন্ন জায়গায় রেল পরিষেবাতেও প্রভাব পড়ে। দুর্যোগের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রাণহানির ঘটনাও ঘটেছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি বা হালকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে পরিস্থিতি তুলনামূলকভাবে কম তীব্র হতে পারে বলে আলাদা কোনও সতর্কতা জারি করা হয়নি। দিনের বিভিন্ন সময়ে শহরের কিছু এলাকায় স্বল্প সময়ের জন্য বৃষ্টি হতে পারে।
সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতেও সতর্কতা জারি রয়েছে। উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন সমুদ্র এলাকায় প্রবল দমকা হাওয়া বইছে। হাওয়ার গতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার থাকলেও কিছু ক্ষেত্রে তা ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এই পরিস্থিতিতে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গেও আগামী কয়েক দিনে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও মঙ্গলবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
আবহাওয়া দফতর জানিয়েছে, পাকিস্তান থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা এবং ওড়িশা সংলগ্ন অঞ্চলে অবস্থান করা ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। এই আবহাওয়াগত পরিস্থিতিই দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করছে।
শুক্রবারের ঝড়বৃষ্টির পর তাপমাত্রাও কিছুটা কমেছে। কলকাতায় শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী সাত দিনে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
সব মিলিয়ে সপ্তাহান্তেও আবহাওয়ার খামখেয়ালিপনা বজায় থাকতে পারে। তাই বাইরে বেরোনোর আগে আবহাওয়ার আপডেট দেখে নেওয়া এবং বজ্রবিদ্যুৎ ও ঝড়ের সময় প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।



