নজরবন্দি ব্যুরো: নজরে রাজ্যের আইনশৃঙ্খলা, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে অভিযোগ খতিয়ে দেখতে বৈঠকে বসলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। প্রথমেই তিনি এডিজি (আইন শৃঙ্খলা) জ্ঞানবন্ত সিংহর সঙ্গে বৈঠকে বসেছেন। রাজ্য অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবি জানিয়ে বিরোধী দলগুলির পক্ষ থেকে কমিশনের কাছে নানা অভিযোগ জমা পড়েছে । কয়েকদিন আগেই উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন রাজ্য সফরে এসেও আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এমনকি দফায় দফায় জেলার পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর সেইসব রিপোর্ট দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে জমা দিয়েছিলেন সুদীপ।
আরও পড়ুন: অবশেষে নতিস্বীকার! কৃষি আইন স্থগিত রাখার সিদ্ধান্ত কেন্দ্রের! জানুন
বুধবারই রাজ্যে ৩ দিনের সফরে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বাংলার বিধানসভা ভোটে আইনশৃঙ্খলা নিয়ে চিন্তায় থাকতে হয় নির্বাচন কমিশনকে। তাই আইনশৃঙ্খলার ওপর সবথেকে বেশী নজর রাখবে কমিশন। ভোটের সময় যাতে রাজনৈতিক হিংসা বা গোলমাল না হয়, সে বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে কমিশনের তরফ থেকে। সেই কারণেই রাজ্যের আইন শৃঙ্খলার বিষয়টি খতিয়ে দেখছেন মুখ্য নির্বাচন কমিশনার। দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়েছে কি না, তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে কি না, স্পর্শকাতর বুথের বিষয় , সেইসকল বিষয়টিও খতিয়ে দেখছেন তিনি। তারপর শুরু হয়েছে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের প্রস্তুতিও। ধীরে ধীরে হাজির হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
নজরে রাজ্যের আইনশৃঙ্খলা, গতকাল সকালে কলকাতা পৌঁছয় কমিশনের ফুল বেঞ্চ। জানা গেছে, এপ্রিলের শুরু থেকে ভোট হতে পারে রাজ্যে। সেই ভোটের পরিস্থিতি খতিয়ে দেখতেই রাজ্যে এসেছেন কমিশন সদস্যরা। করোনা কালে এ রাজ্যে ভোটের বিষয়ে বিহার মডেলকে সামনে রাখতে চাইছে কমিশন। সে ক্ষেত্রে রাজ্যে আরও ২৮ হাজার বুথ বাড়াতে হবে। সেই নিয়েও প্রশাসনের সঙ্গে আলোচনা করবে কমিশন।



