নজরবন্দি ব্যুরো: পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে ‘চন্দ্রযান-৩’ এগিয়ে গিয়েছে অনেকদূর! এবার শনিবার অর্থাৎ, আজই চাঁদের কক্ষপথে ঢুকে পড়তে চলেছে ইসরোর মহাকাশযান, এমনটাই জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। বিজ্ঞানীদের মতে, এরপরের ধাপই সবচেয়ে কঠিন এবং ঝুঁকিপূর্ণ। এখন, ‘চন্দ্রযান-৩’ যাতে সফলভাবে চাঁদে অবতরণ করতে পারে সেই আশাতেই বুক বাঁধছেন আপামর দেশবাসী।
আরও পড়ুন: আর কিছুক্ষণের অপেক্ষা, তার পরেই চাঁদের কক্ষপথে চন্দ্রযান-৩
চাঁদের কক্ষপথে প্রবেশের পর চাঁদের আকর্ষণকে কাজে লাগিয়ে তার চারপাশে ঘুরবে ‘চন্দ্রযান-৩’। এরপর ক্রমশ গতি কমিয়ে ‘চন্দ্রযান-৩’ চলে আসবে চন্দ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার দূরে। সব কিছু পরিকল্পনামাফিক হলে আগামী ২৩ অগস্ট সন্ধ্যা ৫টা ৪৭ মিনিট নাগাদ অবতরণ করার কথা। ইতিমধ্যে মোট পাঁচ বার সফল ভাবে কক্ষপথ পরিবর্তন করেছে ‘চন্দ্রযান-৩’।

Chandrayaan-3 Mission:
The spacecraft has covered about two-thirds of the distance to the moon.Lunar Orbit Injection (LOI) set for Aug 5, 2023, around 19:00 Hrs. IST. pic.twitter.com/MhIOE65w3V
— ISRO (@isro) August 4, 2023
এখন, একটা কথা খুব জানা প্রয়োজন যে, ঠিক এই সময়ই কেন ‘চন্দ্রযান-৩’ পাঠাবার সিদ্ধান্ত নিল ইসরো? কী এমন বিশেষ কারণ রয়েছে?
আসলে জানুয়ারি থেকে ডিসেম্বর- এই বারো মাসে ১২টি পূর্ণিমার কিন্তু বারোরকম নাম আছে। যেমন, উলফ মুন, স্নো মুন, গোল্ড মুন ইত্যাদি। নামকরণের কারণও আছে। ইউরোপে জুন মাস স্ট্রবেরি ফলনের মাস, তাই জুনের পূর্ণিমার নাম ‘স্ট্রবেরি মুন’। আমেরিকায় অগস্ট মাসে নদীতে স্টার্জন মাছের সংখ্যা বেড়ে যায় তাই অগস্টের পূর্ণিমার নাম ‘স্টার্জন’ মুন। এই অগস্টে আবার দু’টি পূর্ণিমা। মানে, চলতি বছর বারো মাসে তেরোটি পূর্ণিমা। চাঁদ ও পৃথিবীর বার্ষিক গতির তফাৎ থাকায় প্রতি আড়াই বছর অন্তর বারো মাসে তেরো পূর্ণিমা আসে। এই তেরোতম পূর্ণিমাকে বলা হয় ‘ব্লু মুন’!

ব্লু মুনের ঠিক এক সপ্তাহ আগে ‘চন্দ্রযান-৩’ চাঁদে অবতরণ করছে। এবারের ‘ব্লু মুন’ আবার ‘সুপার’ মুনও বটে। আর ঠিক এই সময়ই যান পাঠিয়েছে ইসরো। ‘সুপার মুন’ কী? পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব ৩ লক্ষ ৮৫ হাজার কিলোমিটার, আর এই সুপার মুনের সময় দূরত্ব কমে দাঁড়ায় ৩ লক্ষ ৫৭ হাজার কিলোমিটার। ‘সুপার মুন’ হলে চাঁদ পৃথিবীর কিছুটা কাছে চলে আসে। আর এই সময় চাঁদকে অন্য সময়ের থেকে ১৫ শতাংশ বড় আর ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখায়।

এই কারণে সুপার মুনের সময় ‘চন্দ্রযান-৩’-কে কম দূরত্ব অতিক্রম করতে হবে। তাতে সময়ও কমবে আর জ্বালানিও বাঁচবে। তাই ঠিক এই সময় যান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা।
আজই চাঁদের কক্ষে চন্দ্রযান-৩, কোন বিশেষ কারণে এই সময় যান পাঠাল ইসরো?









