নজরবন্দি ব্যুরো: পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে উত্তম কুমার, সুপ্রিয়া দেবী, রুপোলি জগতের বহু তারকার পা পরে পড়েছে এই শ্রীরামপুরের গোস্বামী বাড়িতে। এই বাড়ির দুর্গা পুজোর রীতি একটু ভিন্ন রকমের। শুধু তাই নয়, নিজস্ব পুঁথি দিয়েই দেবীর আরাধনা হয় এই বাড়িতে। চলুন জেনে নি, শ্রীরামপুরের গোস্বামী বাড়ির কিছু অজানা পুজোর কাহিনী…
আরও পড়ুন: Firhad Hakim: কার সূত্র ধরে CBI-র নজরে ফিরহাদ? এখনও জারি তল্লাশি অভিযান
জানা গিয়েছে, এবছর ৩৪০ বছরে পড়ল গোস্বামী বাড়ির দুর্গা পুজো। শুধু রুপোলি জগতের তারকাই নয়, এই বাড়ির পুজোতে এসেছিলেন মোহনদাস করমচাঁদ গাঁধী (Mahatma Gandhi)। শুধু তাই নয়, ডাক্তার বিধানচন্দ্র রায় থেকে শুরু করে বলাইচন্দ্র গোস্বামী, সুভাষচন্দ্র বসুর আগমন ঘটেছিল এই বাড়িতে।

এপ্রসঙ্গে গোস্বামী বাড়ির এক কর্তা জানান, এই বাড়ির অতীত ঐতিহ্য জুড়ে রয়েছেন বহু দিকপাল ব্যক্তিত্ব। তাদের পরপুরুষ রামজয় গোস্বামী ছিলেন অন্যতম। তার সঙ্গেই যোগাযোগ ছিল জোড়াসাঁকোর দ্বারকানাথ ঠাকুরের। এমনকি তারা নাকি যৌথভাবে ইউনিয়ন ব্যাঙ্ক স্থাপন করেন। যদিও সে ব্যাঙ্ক পরে উঠেও যায়। বাড়ির পুজো প্রসঙ্গে গোস্বামী বাড়ির এক শরিক জানালেন, রামগোবিন্দ গোস্বামী ছিলেন এই পরিবারের আদিপুরুষ।

জানা যাচ্ছে, নবাব আলিবর্দি খাঁয়ের শাসনকালে রামগোবিন্দ স্ত্রী মনোরমাকে নিয়ে পাটুলি থেকে গঙ্গাসাগরের দিকে জলপথে যাত্রা করেছিলেন। সেই সময় কলকাতার কাছাকাছি রামগোবিন্দ স্ত্রীর হঠাৎ প্রসব যন্ত্রণা ওঠে। সেই সময় স্ত্রীকে নিয়ে রামগোবিন্দকে শ্রীরামপুরে থামতে হয়। সেই সূত্রে জমিদারি পান রামগোবিন্দ। এরপর রামগোবিন্দর নাতি হরিনারায়ণ গোস্বামীর আমলে গোস্বামী বাড়িতে দুর্গাপুজোর সূচনা। সেই সময় থেকেই নিজস্ব পুঁথি আর বিশেষ কিছু রীতি মেনেই দেবী পূজিত হয়ে আসছেন এই বাড়িতে।
নিজস্ব পুঁথি, এবছর ৩৪০ বছরে পড়ল গোস্বামী বাড়ির দুর্গা পুজো




