নজরবন্দি ব্যুরোঃ নাড্ডার কনভয়ে হামলা, মুখ্যসচিব এবং ডিজি কে দিল্লিতে তলব কেন্দ্রের! বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগণা জেলার ডায়মন্ড হারবারে সভা করতে যাওয়ার সময়, শিরাকোল এলাকায় জেপি নাড্ডার কনভয়ের উপর হামলা হয়। দুস্কৃতীদের ছোঁড়া ইটের ঘায়ে গাড়ির কাঁচ ভেঙে যাওয়া থেকে শুরু করে একাধিক বিজেপি নেতৃত্ব আহত হয়েছেন। যদিও এই ঘটনা সম্পর্কে পুলিশের বক্তব্য, “বিজেপির সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নড্ডা নিরাপদেই ডায়মন্ড হারবারের সভাস্থলে পৌঁছেছেন। তাঁর কনভয়ে কোনও হামলা হয়নি। ফলতা থানার অন্তর্গত দেবীপুরে রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা কিছু দুষ্কৃতী হঠাৎই তাঁর কনভয়ের অনেক পিছনে থাকা কয়েকটি গাড়িতে পাথর ছোড়ে। সবাই নিরাপদে রয়েছেন, পরিস্থিতিও শান্ত। ঘটনাটির তদন্ত করে দেখা হচ্ছে।”
আরও পড়ুনঃ এত CRPF নিয়ে ঘুরেও আক্রান্ত কিভাবে? প্রচার না পেয়েই নাটক নাড্ডারঃ মমতা


এদিকে মুখ্যমন্ত্রী মমতা প্রশ্ন তোলেন, “তোমরা প্ল্যানিং করে করোনি তো! আমি পুলিশকে বলব তদন্ত করে বের করতে সব মিথ্যে মানা যায় না। আর মানা যাবে না।” তাঁর কথায়, “এত সব সিআরপিএফ নিয়ে ঘুরছো, সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরছো তাহলে কী করে গাড়িতে হাত দিল? এক এক জন গুন্ডাকে পর্যন্ত আধাসেনা জওয়ান দিয়ে রেখেছো।” তিনি বিজেপি-কে আক্রমণ করে বলেন, “যখন কিছু না থাকে তখন ভায়োলেন্স করে বিজেপি। তার পর বলে, “এই দেখো আমাকে মেরেছে।” একটা কনভয়ে ৫০টা গাড়ি থাকবে কেন? কেন দাঁড়িয়েছিলে রাস্তায়, কে একটা ইট মারবে আর ভিডিও তুলবে বলে? আগে থেকে গাড়ি থেকে ভিডিও করছিলে, তোমরা কি জানতে ইট মারবে!
অন্যদিকে গতকালই নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে রিপোর্ট তলব করে কেন্দ্রীয় সরকার। পরে রাজ্যপাল খোঁজ খবর নিয়ে এদিন সাতসকালে কেন্দ্রকে রিপোর্ট পাঠান। সেই রিপোর্ট পাওয়ার পর নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রক। দিল্লীতে ডেকে পাঠানো হয়েছে মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় এবং ডিজি বীরেন্দ্র কে!
হামলা প্রসঙ্গে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাংবাদিক সম্মেলন করে বলেন, ইন্দিরা কে হারিয়ে ছিলাম, ইনি আর কে? মমতার ভাষা বাংলার সংস্কৃতি নয়! বুধবার তিনি প্রচার করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরের একাধিক যায়গায়। বিজেপি-র বাড়ি বাড়ি ঘুরে এই প্রচার কৌশলের নাম ‘গৃহ সম্পর্ক অভিযান’। এই অভিযানে নেমেই নাড্ডা ভবানীপুর এলাকায় বিভিন্ন বাড়িতে বিজেপির ‘আর নয় অন্যায়’-এর প্রচারপত্র বিলি করেছেন। সেই নাড্ডার কনভয়ে হামলার অভিযোগ উঠেছে গতকাল।









