নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রথমবারের জন্য সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে টেট অনুত্তীর্ণ শিক্ষকরা। টেট পাশ না করেও কীভাবে চাকরি মিলল, তা জানতেই শিক্ষকদের বয়ান রেকর্ড করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
আরও পড়ুন: আলাপনকে অতিরিক্ত দায়িত্ব মমতার, এবার কোন পদে মুখ্য উপদেষ্টা?


প্রায় এক বছরের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই। আর এতদিন পর এবার টেট অনুত্তীর্ণ শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, রাজ্যের সমস্ত জেলা থেকে ২০১৪ সালের টেট অনুত্তীর্ণ অথচ চাকরি করছেন এমন শিক্ষকদের তালিকা প্রস্তুত করেছে সিবিআই। এমনকি গত দু’দিনে চার জেলার একাধিক শিক্ষকের বয়ানও রেকর্ড করা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, এই জিজ্ঞাসাবাদ থেকে চাঞ্চল্যকর সব তথ্য উঠে আসছে। কেউ বলেছেন, সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে যোগাযোগ করে ঘুরপথে চাকরি জোগাড় করেছিলেন। আবার কেউ কেউ বলছেন, জেলার এজেন্টদের সঙ্গে যোগাযোগ করে চাকরি মিলেছে।

অন্যদিকে, নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির এক বছর পূর্ণ হল রবিবার। গত বছর ২৩ শে জুলাই সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তিনি এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। শহরের আনাচ কানাচ থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা। এই মুহূর্তে জেলেই দিন কাটছে পার্থ ও অর্পিতার।

পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও বিগত এক বছরে গ্রেফতারির তালিকাটা লম্বা। গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্য ও তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্য, মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য সহ আরও অনেকে।









