নজরবন্দি ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় অতিরিক্ত দায়িত্ব পেলেন। এবার তাঁকে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থা ওয়েবেলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে নিজের সম্মতি প্রদান করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
আরও পড়ুন: পঞ্চায়েতে তফশিলিদের ওপর হামলা, ফের রাজ্যে বিজেপির নতুন ‘ফ্যাক্ট ফাইণ্ডিং’ টিম!
রাজ্যের মুখ্য সচিব হিসেবে অবসর গ্রহণের পর আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিজের মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের ১লা জুন থেকে তিনি মুখ্য উপদেষ্টা হিসেবেই কাজ করে চলেছেন। এবার আরও দায়িত্ব বাড়ল তাঁর। এখন থেকে ওয়েবেলের চেয়ারম্যান হিসেবে কাজ করবেন আলাপন। এই পদে আগে ছিলেন সমর ঝাঁ।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থা ওয়েবেলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছিলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ ছিল, ওয়েবেল নাকি অন্যায্যভাবে ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাককে ১২০ কোটি টাকার টেন্ডার পাইয়ে দিয়েছে। এই বিষয়টির তথ্য প্রমাণ নিয়ে তিনি আগামী মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠক করবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন। আর এই মুহূর্তে আলাপন বন্দ্যোপাধ্যায়কে ওয়েবেলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করায় একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসে, তাহলে কি শুভেন্দুর অভিযোগ সত্যি? দুর্নীতিতে যুক্ত ছিল ওয়েবেল?

আলাপনকে অতিরিক্ত দায়িত্ব মমতার, এবার কোন পদে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা?




