নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। সিবিআইয়ের দাবি, নম্বর গরমিল করে নিজের ভাগ্নেকেও চাকরি দিয়েছিলেন সুবীরেশ। আজই নিজাম প্যালেসে তাঁকে তলব করল তদন্তকারী সংস্থা।
আরও পড়ুনঃ Anubrata Mondal: হাতে মাত্র ৭ দিন, দিল্লি যাত্রা রুখতে হাইকোর্টে কেষ্ট


সূত্রের খবর, এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করতে নেমে সিবিআই দাবি করেছিল, নম্বরে গরমিল করে চাকরি দেওয়া হয়েছে। এমনকি স্কুল সার্ভিস কমিশনের অফিসে বসেই দুর্নীতির বীজ বপন হত বলেও জানিয়েছে সিবিআই। একইভাবে তাঁর ভাগ্নেকেও চাকরি দেওয়া হয়েছে? সেই প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে।

সিবিআই সূত্রে খবর, ওএমআর শিটের প্রাপ্ত নম্বর, যেটা সার্ভারে আপলোড করা হয়েছে, সেখানেই গরমিল করা হয়েছে। নম্বরে গরমিল টাকার বিনিময়ে করা হত বলে অভিযোগ। সিবিআই সূত্রে খবর, একইভাবে টাকার বিনিময়ে চাকরি হয়েছিল ভাগ্নের। দুর্নীতির হদিশ পেতে সুবীরেশের মুখোমুখি তাঁর ভাগ্নেকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
গোটা নিয়োগের ক্ষেত্রে সুবীরেশের সঙ্গে যারা কাজ করেছেন তাঁদেরকেও তলব করা হয়েছে। কিছুদিন আগেই প্রাক্তন দুই চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল এবং প্রদীপ শূরকে তলব করা হয়েছে। একইসঙ্গে তলব করা হয়েছিল চার কর্মীকেও। এই চার ব্যক্তি সুবিরেশের নির্দেশে কাজ করত বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা। তাঁদেরকেও জিজ্ঞাসাবাদ করে আরও অনেক তথ্য উঠে আসতে পারে বলেই মনে করছে তদন্তকারী সংস্থা।


নিজের ভাগ্নেকেও চাকরি দিয়েছিলেন সুবীরেশ, ডাক পাঠাল সিবিআই

গত সপ্তাহেই স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে ফের হেফাজতে নিয়েছে সিবিআই। সুবীরেশকে জিজ্ঞাসাবাদের পর যে সমস্ত তথ্য উঠে এসেছে তা তদন্তের ক্ষেত্রে যথেষ্ট নয়। এমনকি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য প্রয়োজনে সুবীরেশকে রাজ্যের বাইরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। তাই সুবীরেশের সঙ্গে একের পর এক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থা।







