নজরবন্দি ব্যুরো: পুর নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক নতুন মোড়। চলতি সপ্তাহেই বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চালান ইডির আধিকারিকরা। শুধু খাদ্যমন্ত্রীই নয়, পুর নিয়োগ দুর্নীতিতে হাফ ডজন পুর চেয়ারম্যানদের বাড়িতেও তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরেও থেমে থাকেনি তদন্তকারী সংস্থা। পুরসভার ভাইস চেয়ারম্যানদের নামের তালিকা চেয়ে নোটিশও পাঠায়।
আরও পড়ুন: অভিষেককে জবাব শুভেন্দুর? লক্ষ লোক নিয়ে কলকাতায় সমাবেশের ঘোষণা, কবে?


কিন্তু এবার পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আরও তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। রবিবার সাত সকালে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছে গেল সিবিআই। জানা যাচ্ছে, রবিবার সকাল ৯টা নাগাদ রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সকাল থেকেই জোর কদমে চলছে তল্লাশি অভিযান। কতদূর এগাবে তল্লাশি? সেই দিকেই নজর ওয়াকিবহাল মহলের।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় জর্জরিত রাজ্য। একাধিক নেতা-মন্ত্রীরা বর্তমানে জেল হেফাজতে। ২০২২ সালের জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে তল্লাশি চালায় ইডি। দীর্ঘ ২৩ ঘন্টা তল্লাশি শেষে গোয়েন্দা সংস্থার হাতে গ্রেফতার হন পার্থ। এক বছরেরও বেশি সময় ধরে ইডি জালেই বন্দি তিনি। একাধিকবার জামিনের আবেদন করলেও তাঁর আবেদন মজুর হয়নি।



সূত্রের খবর, রবিবার সকালে সিবিআইয়ের একটি দল চেতলায় ফিরহাদের বাড়িতে পৌঁছয়। শুধু তাই নয়, রাজ্যের পুরমন্ত্রীর বাড়ি বাইরে দাঁড়িয়ে ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানেরা। কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। সিবিআইয়ের এই তল্লাশির খবর পেয়ে ফিরহাদের বাড়ির সামনে জমায়েত করেছেন তাঁর অনুগামীরা। ইতোমধ্যেই কেন্দ্রীয় সরকার-বিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন অনেকে। এই মুহূর্তে কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে।
সাত সকালে ফিরহাদের বাড়িতে CBI, পুর নিয়োগ দুর্নীতিতে চলছে তল্লাশি অভিযান









