নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠি মামলার জল অনেক দূর গড়িয়েছে। এই ঘটনায় এবার নয়া মোড়। সিবিআই আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে।
আরও পড়ুন: নৈশভোজে শাহ-যোগীর পাশে মমতা, তীব্র কটাক্ষ অধীরের, পাল্টা তৃণমূল
একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, তাঁর নাম নিয়োগ দুর্নীতিতে ধৃতদের মুখ থেকে বলানোর চেষ্টা করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। কুন্তল ঘোষ জেলে বসেই চিঠির মাধ্যমে অভিযোগ করেছিলেন তাঁকে চাপ দিয়ে কয়েকজনের নাম বলাতে চাইছে তদন্তকারীরা। এই চিঠিকাণ্ড সমান্তরালভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই চিঠি সংক্রান্ত একটি মামলায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ও সিবিআইকে যৌথ তদন্তের নির্দেশ দিয়েছিল আলিপুর বিশেষ সিবিআই আদালত।

আলিপুর আদালতের নির্দেশ ছিল, কলকাতা পুলিশ ও সিবিআই যুগ্মভাবে তদন্ত করে রিপোর্ট পেশ করবে। সিবিআই এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। মামলাকারী সিবিআইয়ের বক্তব্য, হাইকোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্ত করছে সিবিআই ও ইডি। তাহলে কেন সিবিআই বিশেষ আদালত কলকাতা পুলিশের সঙ্গে যুগ্ম তদন্তের রিপোর্ট তলব করল? আগামী বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার শুনানি হবে।

উল্লেখ্য, কুন্তল ঘোষের চিঠিকাণ্ডের পরই নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবজোয়ার কর্মসূচি চলাকালীন সিবিআইয়ের তলবে নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন তিনি। এরপর ইডি তলব করলেও হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। আগামী বুধবার ‘ইন্ডিয়া’ জোটের কমিটির প্রথম সমন্বয় বৈঠকের দিনই ফের অভিষেককে তলব করেছে ইডি।
কুন্তল চিঠি মামলায় নয়া মোড়, সিবিআই আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ CBI




