নজরবন্দি ব্যুরোঃ আগামী সপ্তাহ থেকে মিলবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড। মঙ্গলবার একথা বিজ্ঞপ্তি দিয়ে জানাল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে স্কুলে গিয়ে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। এমনকি অ্যাডমিট কার্ডে সংশোধনের জন্য ২০ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করা যাবে বলে জানিয়েছে পর্ষদ।


পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ২০২৩ সালে মাধ্যমিকের সমস্ত পরীক্ষার্থীদের জন্য অ্যাডমিট কার্ডগুলি বণ্টনের জন্য শিবিরের আয়োজন করা হয়েছে পর্ষোদের তরফে। ১৩ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিজেদের স্কুলের পরীক্ষার্থীদের জন্য অ্যাডমিট কার্ডগুলি সংগ্রহ করতে পারবেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরা। এরপর ১৫ ফেব্রুয়ারি থেকে নিজ নিজ স্কুল থেকে অ্যাডমিট কার্ড পাবেন পরীক্ষার্থীরা।

পাশাপাশি পর্ষদের তরফে জানানো হয়েছে, কোনও পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে যদি কোনও ভুলত্রুটি থাকে, তা সংশোধনের জন্য পর্ষদের সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসগুলিতে গিয়ে লিখিত আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। ২০ ফেব্রুয়ারির মধ্যে প্রয়োজনী সংশোধনীর আবেদনপত্র জমা দিতে হবে। এরপরে আর আবেদনপত্র গৃহিত করা হবে না।
আগামী সপ্তাহ থেকে মিলবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড, বিজ্ঞপ্তি পর্ষদের

সূত্রের খবর, চলতি মাসের ২৩ তারিখ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। চলবে ৪ মার্চ অবধি। পরীক্ষায় নজরদারির জন্য রিয়েল টাইম অ্যাপকে কার্যকর করতে চাইছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্তদের মোবাইলে এই অ্যাপটি থাকবে। এই অ্যাপের মাধ্যমে তাঁরা পরীক্ষা ব্যবস্থা কীভাবে পরিচালিত হচ্ছে, কোথাও কোনও ত্রুটি হচ্ছে কি না তা সরাসরি জানাতে পারবেন পর্ষদকে।










