ভোটের মুখে ইডির জোড়া হানা, কলকাতার পুলিশ কর্তা ও ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি

ভোটের আগে সোনা পাপ্পু মামলায় নতুন তৎপরতা ইডির—কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ও বেহালার ব্যবসায়ীর বাড়িতে একযোগে তল্লাশি ঘিরে চড়ছে রাজনৈতিক পারদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের আর হাতে গোনা কয়েকদিন—এই আবহেই রবিবার ভোরে কলকাতায় ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। একদিকে কলকাতা পুলিশের এক ডেপুটি কমিশনারের বাড়ি, অন্যদিকে বেহালার এক ব্যবসায়ীর ঠিকানা—একযোগে এই দুই জায়গায় তল্লাশি চালিয়ে বার্তা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোনা পাপ্পু মামলাকে ঘিরে নতুন করে তদন্তের গতি বাড়ানোই কি এই অভিযানের মূল লক্ষ্য, তা নিয়েই জোর জল্পনা।

সূত্রের খবর, রবিবার সকালে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি। একই সময়ে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডির আরেকটি দল যায় বেহালার ব্যবসায়ী জয় কামদারের বাড়িতে। প্রথমে দরজা না খোলায় কিছুক্ষণ বাইরে অপেক্ষা করতে হয় আধিকারিকদের। পরে দরজা খুললে শুরু হয় তল্লাশি।

এই অভিযানের নেপথ্যে রয়েছে বহুল আলোচিত বালিগঞ্জ অশান্তির ঘটনা এবং সেই মামলার মূল অভিযুক্ত সোনা পাপ্পু। দীর্ঘদিন কেটে গেলেও তাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর আগে এই মামলায় এক আইপিএস আধিকারিককে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সেই জেরায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে বলেই দাবি তদন্তকারী মহলের।

তদন্তের অগ্রগতির ধারাবাহিকতায় এবার সরাসরি পুলিশ কর্তার বাড়িতে তল্লাশি—যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল। অন্যদিকে, বেহালার ব্যবসায়ীর সঙ্গেও এই মামলার যোগসূত্র খতিয়ে দেখছে ইডি।

উল্লেখযোগ্যভাবে, রাজ্যে বিধানসভা ভোটের ঠিক আগে প্রায় প্রতিদিনই একাধিক মামলায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থাগুলি। এই নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। তৃণমূলের একাংশের দাবি, নির্বাচনের মুখে এই ধারাবাহিক অভিযান সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যদিও ইডির তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন