নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের সমস্ত পুরসভার ভোট একসঙ্গে করানোর দাবীতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। কিন্তু কলকাতার পুরভোট নিয়ে স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে আদালতের বক্তব্য, কলকাতা পুরভোটে স্থগিতাদেশ নয়। যত দ্রুত সম্ভব সমস্ত পুর এলাকার নির্বাচন সেরে ফেলতে হবে। সেইসঙ্গে যত কম দফায় ভোট করানোর নির্দেশ আদালতের।
আরও পড়ুনঃ KMC Election 2021: সব বুথে থাকছে সিসিটিভি, আদালতের কাছে আশ্বাস কমিশনের
শুধুমাত্র কলকাতা নয়, রাজ্যের সমস্ত পুর এলাকাগুলির নির্বাচন একসঙ্গে করানোর দাবীতে সরব হয়েছিল বিজেপি। এমনকি আদালতের দ্বারস্থ হয় তাঁরা। কমিশনের তরফে জানানো হয়েছিল তাঁদের কাছে এম১, এম২ ইভিএম রয়েছে সেখানে ভিভিপ্যাটের সুবিধা নেই। সেই সুবিধা শুধুমাত্র রয়েছে এম৩ তে। তা রাজ্য নির্বাচন কমিশনের কাছে পর্যাপ্ত পরিমাণে নেই। এরপর আদালত জানায় অন্য রাজ্য থেকে ইভিএম আনার জন্য। কমিশনের আইনজীবী জানান অন্য রাজ্য থেকে আনার কথা হয়েছিল। কিন্তু অরুণাচল প্রদেশ ছাড়া আর কোনও রাজ্য থেকে পাওয়া যায়নি।
আদালতের তরফে বুধবার কমিশনকে দ্রুত সমস্ত পুর এলাকার নির্বাচন সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এনিয়ে পরবর্তী শুনানি ২৩ ডিসেম্বর পাশাপাশি পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়েও মামলা পিছিয়ে গেল বুধবার থেকে বৃহস্পতিবারে। এর আগে মঙ্গলবার সুপ্রিম কোর্টে গড়ায় মামলা। কিন্তু এবিষয়ে শুনানি ফিরিয়ে দেয় শীর্ষ আদালত। মঙ্গলবার ফের মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার বিচারপতি রাজশেখর মান্থারের বেঞ্চে মামলার শুনানি।
কলকাতা পুরভোটে স্থগিতাদেশ নয়, পরবর্তী শুনানি ২৩ ডিসেম্বর

আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে রয়েছে নির্বাচন। কলকাতা পুরভোটের পর বাকি থাকছে ৬ টি পুরনিগম এবং ১১৩ টি পুরসভা এলাকার নির্বাচন। অন্যান্য পুরসভার নির্বাচন নিয়ে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের কী ভাবনা? আগামী শুনানি পর্বে তা জানতে চেয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।



