নজরবন্দি ব্যুরোঃ ১৯ ডিসেম্বর কলকাতা পুরভোট। পুরভোটে সব বুথে থাকছে সিসিটিভি। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের কাছে এমনটাই আশ্বাস নির্বাচন কমিশনের। কমিশনের এই বক্তব্য কার্যকর করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।
আরও পড়ুনঃ KMC Election 2021: পুরভোটে ‘কেন্দ্রীয় বাহিনী’ শুনানি হাইকোর্টেই, নির্দেশ সুপ্রিম কোর্টের


আগামী ১৯ ডিসেম্বর কলকাতার ১৪৪ টি ওয়ার্ডে রয়েছে নির্বাচন। বিধানসভা নির্বাচনের মতো যাতে না হিংসাত্মক কোনও ঘটনা ঘটে তাই সিসিটিভির মাধ্যমে নজরদারি রাখা হবে। বিরোধীদের এই দাবীতে মান্যতা দেয় আদালত। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানিয়েছেন, “কমিশন সব বুথে সিসিটিভি ক্যামেরা চাইলে আমাদের কোনও আপত্তি নেই”।
এর আগে তালিকা ধরে কুখ্যাত এলাকাগুলিকে খোঁজ শুরু করেছিল পুলিশ। পুলিশ সূত্রে খবর, একেবারে তালিকা ধরে শুরু হয়েছে কাজ। কোন এলাকাগুলি সবচেয়ে স্পর্শকাতর তার খোঁজ শুরু করেছে কলকাতা পুলিশ। সেই অনুযায়ী ধাপে ধাপে তৈরি হবে তালিকা। সেই সমস্ত এলাকায় বেশী নজরদারি রাখা হচ্ছে প্রশাসনের তরফে।
কলকাতা পুলিশ সূত্রে খবর, ২০১৫ সালে সবচেয়ে বেশী গোলমালের অভিযোগ এসেছিল উত্তর কলকাতা এবং ওয়াটগঞ্জ এলাকা থেকে। অতি স্পর্শকাতরের তালিকায় রয়েছে ওয়াটগঞ্জ, বন্দর সংলগ্ন এলাকা। বাড়তি নজর থাকবে ৭ থেকে ৯ নম্বর বুথে।


তিলজলা, কসবা, যাদবপুর এবং বেহালা সংলগ্ন এলাকায় ঝামেলা হওয়ার সম্ভবনা রয়েছে। পুলিশ সূত্রে খবর, ২৮, ২৯,৬৮ এবং ৫৯ নম্বর বুথে থাকছে কড়া নজরদারি। ওই বুথগুলিতে বহিরাগতদের উপস্থিতি নজরে আসতে পারে। আলাদা করে নজর রাখা হয়েছে কাশীপুর এলাকায়। ২০১৫ সালে এক পুলিশ কর্তার মৃত্যুর পর এবার বিশেষ নজর রয়েছে গিরিশ পার্ক এলাকায়।
সব বুথে থাকছে সিসিটিভি, বিরোধী দাবীকে মান্যতা

কমিশন সূত্রে খবর, নির্বাচনে বুথের সংখ্যা ৪৮৪২ টি। অতিরিক্ত বুথ রয়েছে ৩৮৫ টি। এবারের নির্বাচনে থাকছে ২৩ হাজার পুলিশ বাহিনী। প্রতিটি ভোটকেন্দ্রে মোতায়েন থাকছে দু’জন করে সশস্ত্র পুলিশ বাহিনী। এছাড়াও ৭৮ টি কুইক রেসপন্স টিম। কমিশনের তরফে জানানো হয়েছিল, ২৫ শতাংশ বুথে থাকবে সিসিটিভি নজরদারি। কিন্তু সেই নজরদারি এবার ১০০ শতাংশ করার আশ্বাস কমিশনের।
শুধুমাত্র বুথগুলিতে নয়, স্ট্রংরুমে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ আদালতের। ভোটের দিন সমস্ত কিছু সিসিটিভি ক্যামেরায় বন্দী করার আশ্বাস দিয়েছে কমিশন। পরবর্তী ক্ষেত্রে কোনও ঘটনা ঘটলে ব্যবহার করা হতে পারে সেখানকার ফুটেজ।







