আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিবারের দায়ের করা মামলায় ফের বড় মোড়। কলকাতা হাইকোর্টের আরও এক ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি থেকে সরে দাঁড়াল। বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ মঙ্গলবার জানিয়ে দেয়, পর্যাপ্ত সময়ের অভাবে এই মামলার বিস্তারিত শুনানি সম্ভব হচ্ছে না। এর আগে একই কারণ দেখিয়ে মামলা থেকে অব্যাহতি নিয়েছিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চও। ফলে বহুচর্চিত এই মামলার ভবিষ্যৎ শুনানি নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
মঙ্গলবার শুনানির সময় আদালতে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট মুখবন্ধ খামে জমা দেয় CBI। নির্যাতিতার পরিবারের আইনজীবী অভিযোগ করেন, সিবিআই নতুন করে কার্যকর তদন্ত করছে না।


এরপরই বিচারপতি রাজাশেখর মান্থা জানান, অন্যান্য গুরুত্বপূর্ণ মামলার চাপের কারণে এই মামলার জন্য প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব হচ্ছে না। সেই কারণেই মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, প্রয়োজনে এই মামলার জন্য আলাদা কমিশনও গঠন করা যেতে পারে, যাতে বিস্তারিত শুনানি এবং তদন্তের সমস্ত দিক যথাযথভাবে খতিয়ে দেখা সম্ভব হয়।
শুনানিতে বিচারপতি মান্থা বলেন, “আমিও চাই এই মামলায় সঠিক বিচার হোক। শুধু পরিবারের বক্তব্য নয়, সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং সিবিআইয়ের আবেদনও শুনতে হবে।”


আদালত আরও জানায়, আরজি কর মামলার দিকে গোটা রাজ্যের মানুষ নজর রাখছেন। তাই এই মামলার ক্ষেত্রে পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ শুনানি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সেই কারণেই বিস্তারিত শুনানির সুযোগ তৈরি করতে বেঞ্চ সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চও একই যুক্তিতে মামলা থেকে অব্যাহতি নিয়েছিল। ফলে পরপর দুই বেঞ্চের সরে দাঁড়ানো ঘিরে আইনি মহলেও আলোচনা শুরু হয়েছে।







