নজরবন্দি ব্যুরোঃ কলকাতা ডার্বি। যে কোনও কোচের কাছেই আগের রাতটা চরম অনিশ্চয়তায় কাটে। আইএসএলের মেগা ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ যেমন চড়েছে, তেমনই মাথাচাড়া দিয়েছে টিকিট বিতর্ক। তবে মাঠের বাইরের কোনও বিতর্কে কান দিতে নারাজ ইস্টবেঙ্গল ও মোহনবাগানের দুই কোচ। উভয়েরই পাখির চোখ কেবল তিন পয়েন্টের দিকে।
আরও পড়ুনঃ বাংলাদেশের পরবর্তী কোচ সৌরভ গাঙ্গুলী? মহারাজের বাংলাদেশ সফর ঘিরে জল্পনা তুঙ্গে


কিন্তু এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো বোধহয় একটু বাড়তি চাপে থাকবেন শুক্রবার। এ দিন সাংবাদিক বৈঠকে তিনি যা বলে গেলেন, তাতে ভয় ধরে যাওয়ার কথা মোহনবাগার সমর্থকদেরও। ফেরান্দো জানিয়েছেন, কলকাতা ডার্বিতে তাঁর দলের তিন বিদেশি নেই। তবু স্প্যানিশ কোচ আত্মবিশ্বাসের সঙ্গে বার বার বুঝিয়ে দিলেন, যে ২৪ জন ফুটবলার তাঁর দলে রয়েছেন, প্রত্যেকের দক্ষতা রয়েছে ম্যাচ জেতানোর।

অপর দিকে লাল-হলুদ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন জানিয়ে দিলেন, সর্বশক্তি নিয়েই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ঝাঁপাবে দল। তিনি সাফ জানিয়ে দিচ্ছেন, বিপক্ষে কে আছে, কে নেই, তা নিয়ে তাঁর মাথাব্যথা নেই। তিনি শুধু নিজের দল নিয়েই ভাবছেন। স্টিফেনের কথায়, “ডার্বিতে কোনও দলের কোনও অ্যাডভান্টেজ থাকে না। যার ফর্ম ভাল থাকবে, তারাই ভাল ফল করবে। ওদের দল নিয়ে নয়, আমরা নিজেদের খেলোয়াড়দের কথা ভাবছি। সর্বশক্তি নিয়েই ঝাঁপাব।”



তিনি আরও বলেন, “ভেবে দেখুন আগের ডার্বিতে আমরা কোথায় ছিলাম, আর এখন কোথায় আছি। গত বছরের ৪ অগস্ট যখন আমি এখানে আসি, তখন হাতে মাত্র ১২ জন ফুটবলার ছিল। কোনও সাপোর্ট স্টাফ ছিল না। প্রথম পর্বের ডার্বি খেলার সময় দল গোছানো হয়নি। তা সত্ত্বেও আমরা প্রথমার্ধে শাসন করেছি। এ বার আমরা অনেক ভাল জায়গায়। আমার চেয়ে বেশি কেউ প্রথম ছয়ে থাকতে চায়নি। গত আট মাসে সে ভাবেই কাজ করেছি। সুপার কাপ এবং পরের মরসুমের জন্য একটা ভিত তৈরি করতে পেরেছি।”
তবে আইএসএলে মুখোমুখি সাক্ষাতে পাঁচ বার দেখা। পাঁচ বারই জয়। সব মিলিয়ে টানা সাত কলকাতা ডার্বিতে জয়। শনিবার কলকাতা ডার্বির আগে এই পরিসংখ্যান নিঃসন্দেহে এগিয়ে রাখবে এটিকে মোহনবাগানকে। তবে খাতায়-কলমে যদি বিচার করা যায়, তা হলে শনিবারের ম্যাচে সে ভাবে কাউকে এগিয়ে রাখা যাবে না। মোহনবাগান তিন বিদেশিকে পাচ্ছে না।
কলকাতা ডার্বি, মোহনবাগানের লক্ষ্য তৃতীয় স্থান, ইস্টবেঙ্গলের কাছে সম্মানরক্ষা, কী বললেন দুই কোচ

ব্রেন্ডন হ্যামিল কার্ড সমস্যায় খেলতে পারবেন না। হুগো বুমোস এবং কার্ল ম্যাকহিউয়ের চোট রয়েছে। তিন বিদেশিই চলতি মরসুমে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। জনি কাউকো চোটের জেরে মরসুম থেকেই ছিটকে গিয়েছেন। ফলে শনিবার মূলত দেশি ফুটবলারদের হাতেই থাকবে মোহনবাগানকে জেতানোর ভার।







