নজরবন্দি ব্যুরো: আগের থেকে ভালো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ক্রমশই শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে তাঁর। শোনা গিয়েছে, আগামী শনিবার বুদ্ধবাবুকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে চিকিৎসকেরা কি বলছেন? মেডিক্যাল বোর্ড এনিয়ে আলোচনা করব। বুধবার রাতে বুকে সামান্য অস্বস্তি অনুভব করছিলেন বুদ্ধবাবু। তাঁর ফুসফুসে জল জমেছে কি না তা দেখার জন্য আজ আলট্রা সাউন্ড করা হবে।
আরও পড়ুন: বাংলার নিয়োগ দুর্নীতির আঁচ অসমে, মুখ্যমন্ত্রীর নির্দেশে অস্বস্তি বাড়ল বাংলার!


সূত্রে খবর, গতকাল রাতে বুদ্ধদেব ভট্টাচার্যের ইসিজি করানো হয়। তবে রিপোর্টে উদ্বেগজনক কিছু নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এখনও খাওয়ানোর জন্য রাইলস টিউব ব্যবহার করা হচ্ছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। হালকা হালকা হাত নাড়তে পারছেন, চোখ খুলেছেন, কথায় জবাব দিচ্ছেন। পরিবার এবং ঘনিষ্ঠদের সঙ্গে কথাবার্তা বলছেন। আর এবার সুস্থ হয়েই চিকিৎসকদের কাছে অনুরোধ করছেন, তাঁকে যেন বাড়ি যেতে দেওয়া হয়। বুধবার আম খেতে চেয়েছেন তিনি। গতকাল তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন সিপিএমের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক সূর্যকান্ত মিশ্র। কিছুক্ষণ তাঁর সঙ্গে কথা হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়ি যেতে চাইলেও এখনই তাঁকে ছুটি দেওয়ার কথা ভাবছেন না চিকিৎসকেরা। জানা গিয়েছে, বুদ্ধবাবুর অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হলে মেডিক্যাল বোর্ড বসবে। তাঁর হিমোগ্লোবিনের মাত্রা ১০-এর কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

হাসপাতালের তরফে জানানো হয়েছিল, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শ্বাসনালি এবং ফুসফুসে সংক্রমণ ছড়িয়েছে। সিটি স্ক্যান রিপোর্টে দেখা যায়, রক্তে সিআরপির পরিমাণ কম থাকায় ইনফ্ল্যামেশন কম হচ্ছে। সংক্রমণের মাত্রা কমলে ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করার সিদ্ধান্ত নেওয়া হয়। এক ঘণ্টা পর্যবেক্ষণে রাখলে দেখা যায় বুদ্ধদেববাবু স্বাভাবিকভাবেই নিশ্বাস-প্রশ্বাস নিতে পারছেন। এরপর তাঁকে বাইপ্যাপ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।



উল্লেখ্য, গত শনিবার শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ১০০ শতাংশ ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। নয় সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। সিপিএম নেতৃত্বের অনেকেই প্রবীণ নেতার সঙ্গে দেখা করেন। গত সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে শারীরিক অবস্থার খোঁজ নেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আল্ট্রা সাউন্ড করা হবে বুদ্ধবাবুর, কবে হাসপাতাল থেকে ছুটি প্রাক্তন মুখ্যমন্ত্রীর?









