একই দিনে রাজ্যের একাধিক আদালতে বোমা রাখার হুমকিতে চাঞ্চল্য ছড়াল প্রশাসনিক মহলে। মঙ্গলবার সকালে কলকাতার সিটি সিভিল কোর্ট থেকে শুরু করে আসানসোল জেলা আদালত, দুর্গাপুর মহকুমা আদালত এবং মুর্শিদাবাদ জেলা জজ অফিস—পরপর একাধিক জায়গায় বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। হুমকি ইমেল ও ফোন কল পাওয়ার পরই আদালত চত্বর খালি করে তল্লাশি শুরু করে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে একটি হুমকি ইমেলে দাবি করা হয় কলকাতার সিটি সিভিল কোর্ট ভবনের ভিতরে বোমা রাখা হয়েছে। ইমেলটি পাওয়ার সঙ্গে সঙ্গেই আদালত চত্বর খালি করে দেওয়া হয়। স্নিফার ডগ ও বম্ব স্কোয়াড এনে গোটা ভবনে তল্লাশি চালানো হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি।


একের পর এক আদালতে হুমকি
এরই মধ্যে দুপুর নাগাদ জেলা জজের মোবাইলে ফোন করে আদালত চত্বরে বিস্ফোরক থাকার দাবি করা হয়। সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে শুরু হয় তল্লাশি অভিযান।
পরিস্থিতি সামাল দেওয়ার আগেই দুর্গাপুর মহকুমা আদালতেও একই ধরনের হুমকি ইমেল আসে। সেখানেও আদালত খালি করে পুলিশ চিরুনি তল্লাশি চালাচ্ছে।
মুর্শিদাবাদেও হুমকি বার্তা
মুর্শিদাবাদ জেলা জজ অফিসেও একটি হুমকি মেল পাঠানো হয়। অভিযোগ, সেখানে SIR সংক্রান্ত বিষয়ে বিচারকদের হস্তক্ষেপ না করার হুমকি দেওয়া হয়েছে এবং বিস্ফোরণের আশঙ্কার কথাও উল্লেখ ছিল। জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বাক্কার সিদ্দিকি জানান, গোটা আদালত চত্বরে স্নিফার ডগ দিয়ে তল্লাশি চলছে।


আতঙ্কের পটভূমি
সম্প্রতি কলকাতা-শিলং উড়ানে বোমা থাকার চিরকুট ঘিরেও আতঙ্ক ছড়িয়েছিল। যদিও পরে সেটি ভুয়ো বলে প্রমাণিত হয়। তার আগেও দিল্লির একাধিক স্কুলে ধারাবাহিকভাবে ভুয়ো বোমা হুমকির ইমেল পাঠানো হয়েছিল।
এই ধারাবাহিক ঘটনার প্রেক্ষিতে আদালতগুলিতে পাওয়া হুমকি বার্তাকে গুরুত্ব সহকারে দেখছে পুলিশ। কে বা কারা এই ইমেল পাঠিয়েছে এবং উদ্দেশ্য কী—তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।








