নজরবন্দি ব্যুরো: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে নজরদারি, জনগণের আস্থা নির্মাণ, নাকা চেকিং এবং রাজনৈতিক সংঘর্ষকে প্রতিহত করার মতো কাজ করলেও কোনও বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে না বলে জানিয়ে শনিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন। এবার কমিশনকে পাল্টা দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি সাফ বলে দিলেন, ‘বিজেপিই বুথে কেন্দ্রীয় বাহিনীর কাজ করবে’।
আরও পড়ুন: কোনও বুথে থাকবে না কেন্দ্রীয় বাহিনী, নোটিস দিয়ে জানাল কমিশন!


শনিবাসরীয় প্রচারে হাওড়ার শ্যামপুরে একটি রোড শো করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপর সাংবাদিক সম্মেলনে এসে তাঁকে ফের একবার রাজ্য সরকারের সমালোচনায় সরব হতে দেখা যায়। কমিশনের বিজ্ঞপ্তি নিয়ে এদিন সুকান্ত বলেন, ‘বুথে কেন্দ্রীয় বাহিনী রাজ্য নির্বাচন কমিশন কেন রাখছে না, এটা আর আমার বলার প্রয়োজন নেই। বুথে ও ভোট গণনা কেন্দ্রে সমস্ত রকমভাবে ম্যানুপুলেশানের চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হবে। যেখানে বিজেপি শক্তিশালী সেখানে বুথে আমরাই কেন্দ্রীয় বাহিনীর কাজ করব’।

এছাড়া, আবাস যোজনা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা, ১০০ দিনের কাজের বিষয়েও রাজ্যকে নিশানা করেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে এই সমস্ত প্রকল্পের সুবিধা পাবে মানুষ। তিনি আরও বলেন, ‘বিভিন্ন জায়গায় উচ্চপদস্থ পুলিশদের বদলি করে দেওয়া হচ্ছে। অথচ কমিশন জানে না। নকল ব্যালট পেপার চাপানো হচ্ছে বলে আমার কাছে খবর আসছে। ভোটকে লুটে নেওয়ার চেষ্টা করছে তৃণমূল। সব জায়গাতেই আমরা প্রতিবাদ জানিয়ে যাচ্ছি, আগামীতেও তাও করব। জনগণই প্রতিরোধ করবে’।
বিজেপিই বুথে কেন্দ্রীয় বাহিনীর কাজ করবে, কমিশনকে পাল্টা দিলেন সুকান্ত
![]()









