২০২৬-এর বিধানসভা ভোটের আগে সংগঠন ঢেলে সাজাতে বড় পদক্ষেপ নিল বঙ্গ বিজেপি। বুধবার নতুন রাজ্য কমিটি ঘোষণা করে কার্যত নির্বাচনী যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিল গেরুয়া শিবির। একাধিক রদবদল, পুরনো–নতুন মুখের মেলবন্ধন এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে অভিজ্ঞ নেতাদের জায়গা দেওয়ার মধ্য দিয়ে দলীয় অন্দরের বার্তাও স্পষ্ট—এ বার লক্ষ্য শুধুই ছাব্বিশ।
নতুন রাজ্য কমিটির সঙ্গে সঙ্গে বিজেপির বিভিন্ন মোর্চার সভাপতিদের নামও ঘোষণা করা হয়েছে। রাজ্য বিজেপির নতুন সভাপতি হিসেবে আগেই দায়িত্ব পেয়েছেন ‘আদি’ নেতা শমীক ভট্টাচার্য। তাঁর নেতৃত্বেই এই কমিটি গড়া হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। কমিটিতে ১২ জন ভাইস প্রেসিডেন্ট রাখা হয়েছে। সেই তালিকায় উল্লেখযোগ্য নাম প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন মনোজ টিগ্গা, বিধায়ক অগ্নিমিত্রা পাল, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায় এবং দীর্ঘদিন ব্রাত্য থাকার অভিযোগ ওঠা রাজু বন্দ্যোপাধ্যায়।


বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি, কে কোন পদ পেলেন?

রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন সৌমিত্র খাঁ। তাঁর সঙ্গে সাধারণ সম্পাদক পদে রয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো। সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিধায়ক শংকর ঘোষকে। বিজেপির দাবি, সাংগঠনিক ভারসাম্য রক্ষা করতেই অভিজ্ঞ ও নতুন নেতৃত্বের সমন্বয়ে এই টিম তৈরি করা হয়েছে।
রাজ্য কমিটির পাশাপাশি সাতটি মোর্চার সভাপতিদের নামও প্রকাশ করেছে দল। এসটি মোর্চার দায়িত্ব দেওয়া হয়েছে সাংসদ খগেন মুর্মুকে। যুব মোর্চার সভাপতি হয়েছেন ইন্দ্রনীল খাঁ। মহিলা মোর্চার দায়িত্ব পেলেন ফাল্গুনী পাত্র। সংখ্যালঘু মোর্চার সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আলি হোসেনকে। দলীয় সূত্রে জানানো হয়েছে, সংগঠনকে আরও সক্রিয় করতেই মোর্চাগুলিতে নতুন নেতৃত্ব আনা হয়েছে।
তবে নতুন কমিটিতে জায়গা হয়নি প্রিয়াঙ্কা টিবরেওয়াল, বিধায়ক অশোক দিন্দা-সহ একাধিক পরিচিত মুখের। বিজেপি সূত্রে খবর, যাঁদের ছাব্বিশের ভোটে প্রার্থী করা হতে পারে, তাঁদের অনেককেই সাংগঠনিক পদে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কৌশলের প্রতিফলনই দেখা গেল নতুন তালিকায়।


এসআইআর প্রক্রিয়া শেষ হলেই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। সেই সম্ভাবনাকে মাথায় রেখেই এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলি। এই আবহে নতুন রাজ্য কমিটি গড়ে বঙ্গ বিজেপি সংগঠনের অন্দরে জমে থাকা ক্ষোভ প্রশমিত করতে এবং নির্বাচনের আগে এককাট্টা হওয়ার বার্তা দিতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।








