নজরবন্দি ব্যুরোঃ আজ বিধানসভা অধিবেশনের শেষ দিন। আর তারপরই সকল বিধায়কদের নিয়ে আলিপুর সংগ্রহশালা দেখতে যাবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তবে স্পিকারের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বিজেপি বিধায়করা। প্রসঙ্গত, গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী অধিবেশন কক্ষে এই সংগ্রহশালার কথা জানিয়েছিলেন। এমনকি উল্লেখ করেছিলেন, যাতে সকল বিধায়ক একসঙ্গে গিয়ে এই সংগ্রহশালা দেখে আসে।
আরও পড়ুনঃ কারশেডমুখী ট্রেনের সঙ্গে রানাঘাট লোকালের সংঘর্ষ, শিয়ালদহে অল্পের জন্য রক্ষা
তবে বিরোধী দল, অর্থাৎ বিজেপির বিধায়করা আদৌ আলিপুর সংগ্রহশালায় যাবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বর্তমানে আলিপুর সংগ্রহশালা নিয়ে জনস্বার্থ মামলা চলছে। এখনও পর্যন্ত আদালতে বিচারাধীন রয়েছে এই মামলা। তাইজন্য তাঁরা ঠিক করেছেন যতদিন না এই মামলার শুনানি হচ্ছে ততদিন পর্যন্ত কেউ ঐ মিউজিয়াম দেখতে যাবে না।

প্রসঙ্গত, এই মিউজিয়াম উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী বলেছিলেন, “আলিপুর মিউজিয়াম একটা হেরিটেজ স্পট। আমরা জেল আধুনাকিকীকরণ করেছি। ঐতিহ্যের সংরক্ষণ করেছি৷” উল্লেখ্য, স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে তৈরি এই মিউজিয়াম দেখতে যাওয়ার জন্য বিধায়কদের আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধায়কদের নিয়ে সংগ্রহশালা পরিদর্শনে বিমান, থাকছে না বিজেপি
এবিষয়ে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, বিধানসভা হল একতার জায়গা। বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতাদর্শ থাকতে পারে। কিন্তু তার বাইরে এই ভবন বিধায়কদের নিজেদের। তাই আশা করবো সকলে নিজেদের রাজনৈতিক পরিচয় ভুলে এই ধরনের অনুষ্ঠানে যোগ দেবেন।



