নজরবন্দি ব্যুরো: তারকা সাংসদ দেবের ভাইকেও নাকি কাটমানি দিতে হয়, এমনই একটি অভিযোগ ঘিরে শোরগোল রাজনৈতিক মহলে। দেব ওরফে দীপক অধিকারীর সাংসদ পদ খারিজের দাবিতে ঘাটালজুড়ে পোস্টার ফেলল বিজেপি। এই ঘটনায় গেরুয়া শিবিরকে পাল্টা দিতে ছাড়েনি তৃণমূল।
আরও পড়ুন: Dilip Ghosh: পার্টি থাকবে কি না সেটা আগে দেখুক, অভিষেককে খোঁচা দিলীপের

২০১৪ সাল থেকে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের তৃণমূলের সাংসদ হিসেবে দায়িত্বে রয়েছেন অভিনেতা দেব। সম্প্রতি অভিযোগ উঠছে, দেবের ভাই বিক্রম অধিকারীকে সরকারি আবাস যোজনায় কাটমানি দিতে হয়েছে। এই অভিযোগকে হাতিয়ার করেই শাসক দলের বিরুদ্ধে ময়দানে নেমেছে বিজেপি। শহরজুড়ে দেবের পোস্টার পড়েছে। সাংসদ পদ খারিজের দাবিতে সরব গেরুয়া শিবির।

পোস্টার দিয়ে বিজেপির প্রশ্ন, নিজের দাদা সাংসদ থাকা সত্ত্বেও কাটমানি দিতে হয়। তাহলে সাধারণ মানুষের কি হবে? পাশাপাশি, বিক্রম অধিকারীর আবাস যোজনার টাকা কেন নেওয়া হয়েছে তার উত্তর জানতে চাওয়া হয়েছে শিউলি সাহা ও দেবের কাছে।
ঘাটালজুড়ে দেবের বিরুদ্ধে পোস্টার, সাংসদের ভাইকেও কাটমানি দিতে হয় বলে অভিযোগ

দেবের বিরুদ্ধে পোস্টার পড়ছে ঘাটালের পার্শ্ববর্তী বাস স্ট্যান্ড, ঘাটাল কলেজ, এসডিও অফিস চত্বর সহ বিভিন্ন জায়গায়। দেওয়াল লিখনে হাত লাগিয়েছেন খোদ বিজেপি বিধায়ক শীতল কপাট। তবে বিজেপিকে পাল্টা নিশানায় এনে তৃণমূলের তরফে বলা হয়েছে, ‘দেব কুৎসার জবাব না দিয়ে চুপ থাকায় পোস্টার রাজনীতি করছে বিজেপি।’ এই অভিযোগ প্রকাশ্যে আসতেই ফের দেবেকে কটাক্ষ করে খড়গপুরের তারকা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় বলেন, “পুরো ঘাটাল লোকসভায় ওঁর দলের লোকেরা বলেন, সাংসদ রুল জারি করেছেন। সরকারি যেকোনও প্রকল্প বা কাজ করতে গেলে ৩০ শতাংশ কমিশন যেন তাঁর ঘরে পৌঁছে যায়। পুরো ঘাটাল জুড়ে ওঁর কিছু এজেন্ট আছে। এই কাটমানি নিয়ে উনি সিনেমা করছেন, বাড়ির পর বাড়ি কিনছেন, জায়গা, ফ্ল্যাট কিনছেন।”



