বিধানসভা ভোটের আগে শক্তি প্রদর্শনে বড় মঞ্চের প্রস্তুতি শুরু করে দিল বঙ্গ বিজেপি। মার্চ মাসেই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিশাল জনসভার পরিকল্পনা করছে গেরুয়া শিবির। তার আগে দক্ষিণবঙ্গের একাধিক জোন থেকে রথযাত্রা বের করে সেই সব রথকে ব্রিগেডে এনে সমাবেশকে শক্তিশালী করার রূপরেখা তৈরি হচ্ছে।
দলীয় সূত্রে জানা যাচ্ছে, দোলযাত্রার পরই বাংলায় রথযাত্রা কর্মসূচি শুরু করবে বিজেপি। এই রথযাত্রা বিভিন্ন সাংগঠনিক অঞ্চল ঘুরে ব্রিগেডে এসে মিলিত হবে। ব্রিগেড সমাবেশের নির্দিষ্ট দিন এখনও চূড়ান্ত হয়নি, তবে মার্চ মাসের মধ্যেই তা আয়োজনের পরিকল্পনা রয়েছে।


পরীক্ষার মরশুম শেষ হলেই মার্চের প্রথম সপ্তাহ থেকে জনসভা শুরু করার রণকৌশল নিয়েছে বিজেপি। রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একাধিক সভার সম্ভাবনা রয়েছে। কলকাতা জোনের প্রধান কর্মসূচি হিসেবে ব্রিগেডের সভাকেই গুরুত্ব দিচ্ছে দল।
এছাড়া উত্তরবঙ্গেও শক্তি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। শিলিগুড়িতে মোদিকে নিয়ে বড় জনসভা করার ভাবনা রয়েছে গেরুয়া শিবিরের।
অন্যদিকে, প্রার্থী তালিকা চূড়ান্ত করার কাজও শুরু হয়েছে জোরকদমে। চলতি মাসের মধ্যেই জেলা স্তর থেকে প্রতিটি বিধানসভা আসনের জন্য তিনটি করে নাম সংগ্রহ করে দিল্লিতে পাঠাতে চায় রাজ্য বিজেপি। মোট ২৯৪টি আসনের জন্য এই তালিকা তৈরি হবে। কোথাও কোথাও একাধিক নাম থাকলে তা রাজ্য নেতৃত্ব যাচাই করে কেন্দ্রে পাঠাবে।


কেন্দ্রীয় বিজেপির তরফেও বিভিন্ন সমীক্ষা সংস্থার রিপোর্টের ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া চলবে। জেলা থেকে আসা নাম এবং সমীক্ষার ফলাফল মিলিয়ে চূড়ান্ত তালিকা তৈরি হবে। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই ধাপে ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব।
শনিবার সল্টলেকের বিজেপি দপ্তরে অনুষ্ঠিত হয় রাজ্য কোর কমিটির বৈঠক। সেখানে কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব, সহ-পর্যবেক্ষক বিপ্লব দেব, রাজ্য নেতৃত্বের পাশাপাশি শমীক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। রথযাত্রা, ব্রিগেড সমাবেশ এবং প্রার্থী তালিকা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে সেই বৈঠকে।








