নজরবন্দি ব্যুরো: জরুরি ভিত্তিতে বাংলার বিজেপি নেতাদের তলব করল গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব। সোমবার একটি বৈঠকে উপস্থিত থাকার জন্য দিল্লিতে ডাকা হয়েছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীকে। রবিবার বিকেলেই তাঁরা রাজধানীর উদ্দেশ্যে রওনা দেবেন।


জানা গিয়েছে, সোমবার দিল্লিতে একটি মেগা বৈঠকের ডাক দিয়েছে কেন্দ্রের শীর্ষ নেতৃত্ব। বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই বাংলার তিন হেভিওয়েট নেতা অর্থাৎ সুকান্ত, শুভেন্দু ও অমিতাভকে ডাকা হয়েছে। এই মুহূর্তে দিল্লিতে থাকা বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষও বৈঠকে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। কিন্তু কেন এই জরুরি তলব?

মূলত, পঞ্চায়েত ভোট পরবর্তী পরিস্থিতি এবং পঞ্চায়েতের ফলাফল নিয়েই বাংলার নেতাদের থেকে রিপোর্ট নেবার জন্য দিল্লিতে শীর্ষ নেতৃত্ব এই তলব করেছে। ওয়াকিবহাল মহল অবশ্য মনে করছে, যেহেতু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার প্রস্তুতি ঘোষণা করে দিয়েছেন একুশে জুলাই তাই বিজেপিও খুব দ্রুত নিজেদের ব্লুপ্রিন্ট তৈরি করে নিতে চাইছে। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা থেকেই সর্বোচ্চ ভোটের প্রচেষ্টা করবেন সেটাকে আটকাবার লক্ষ্যই থাকবে বিজেপির।



অন্যদিকে, পঞ্চায়েত ভোটের পর দিলিতে গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজে। এবার একসঙ্গে গিয়ে পশ্চিমবঙ্গের পরিস্থিতি সম্পর্কে নালিশ জানাতে পারেন তাঁরা। সব মিলিয়ে জরুরি ভিত্তিতে এই তলবকে কিন্তু রাজনৈতিক মহল অত্যন্ত প্রাসঙ্গিক হিসেবেই দেখছে।
কেন্দ্রীয় নেতৃত্বের জরুরি তলব, দিল্লি যাচ্ছেন বঙ্গ বিজেপির হেভিওয়েটরা








