প্রথম তালিকাতেই বড় সার্জারি! ৮ জেতা বিধায়কের টিকিট কেটে দিল বিজেপি—সমীক্ষাই কি চূড়ান্ত ‘গেমচেঞ্জার’?

প্রথম দফার প্রার্থী তালিকায় ৮ জেতা বিধায়ক বাদ, সমীক্ষা ও সংগঠনিক রিপোর্টের ভিত্তিতেই প্রার্থী বাছাই—বিজেপির কড়া বার্তা ভোটের আগে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের মুখে বড় বার্তা দিল বিজেপি—জেতা আসনেও নেই নিশ্চয়তা! প্রথম দফার প্রার্থী তালিকায় ১৪৪টি আসনের মধ্যে ৪৮টি ছিল দলের দখলে, কিন্তু সেখানেই আটজন বিদায়ী বিধায়কের টিকিট কেটে স্পষ্ট করে দিল কেন্দ্রীয় নেতৃত্ব: জনপ্রিয়তা ও সংগঠনিক রিপোর্টই শেষ কথা। এই সিদ্ধান্তে শুধু রাজনৈতিক মহলই নয়, দলীয় অন্দরেও চাঞ্চল্য তৈরি হয়েছে।

সোমবার ঘোষিত প্রথম দফার তালিকায় দেখা গেল, ৪৮টি জেতা আসনের মধ্যে ৪০ জনকে আবার সুযোগ দেওয়া হলেও আটজনকে বাদ দেওয়া হয়েছে। বিজেপি সূত্রে খবর, এই বাছাইয়ের ক্ষেত্রে স্থানীয় নেতা বা গোষ্ঠীর পছন্দ নয়, বরং জনমত সমীক্ষা এবং সাংগঠনিক রিপোর্টকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ, পারফরম্যান্সই ছিল টিকিট পাওয়ার প্রধান মানদণ্ড।

- Advertisement -

সবচেয়ে বড় চমক বালুরঘাটে। অর্থনীতিবিদ অশোক লাহিড়ী, যিনি ২০২১ সালে এই আসন থেকে জিতেছিলেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও সুসম্পর্কে ছিলেন, তাঁকেও বাদ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে শীতলকুচির বরেনচন্দ্র বর্মণ এবং কালিয়াগঞ্জের সৌমেন রায়ের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাঢ়বঙ্গেও চমকের কমতি নেই। খড়্গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় টিকিট হারিয়েছেন। তাঁর জায়গায় ফিরিয়ে আনা হয়েছে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। হিরণের ব্যক্তিগত বিতর্ক এবং স্থানীয় সমীক্ষায় পিছিয়ে পড়াই এই সিদ্ধান্তের মূল কারণ বলে জানা যাচ্ছে। পাশাপাশি বলরামপুরের বাণেশ্বর মাহাতো ও রঘুনাথপুরের বিবেকানন্দ বাউরিও টিকিট পাননি। তাঁদের ক্ষেত্রে ‘জনসংযোগে ঘাটতি’ এবং লোকসভা ভোটে খারাপ ফলই প্রধান কারণ হিসেবে উঠে এসেছে।

দক্ষিণবঙ্গের আরামবাগ মহকুমাতেও প্রার্থী বদল হয়েছে। আরামবাগে মধুসূদন রায় এবং গোঘাটে বিশ্বনাথ কারককে সরানো হয়েছে। যদিও তাঁদের বিরুদ্ধে সরাসরি কাজ না করার অভিযোগ নেই, তবে দলীয় গোষ্ঠীদ্বন্দ্বই এখানে প্রধান ফ্যাক্টর বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও দেখা গিয়েছে। শালতোড়ার চন্দনা বাউরি এবং কাশীপুরের কমলাকান্ত হাঁসদা লোকসভায় পিছিয়ে পড়া সত্ত্বেও টিকিট পেয়েছেন। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, তাঁদের জনসংযোগ ও সাংগঠনিক সক্রিয়তা ইতিবাচক থাকায় ঝুঁকি নেয়নি দল।

- Advertisement -

কালিয়াগঞ্জে সৌমেন রায়ের ক্ষেত্রে ‘দলবদল’ এবং সংগঠনের সঙ্গে দুর্বল সম্পর্ক বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সেখানে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী উৎপল মহারাজের সম্ভাব্য প্রার্থী হওয়াও সমীকরণ বদলে দিয়েছে। শীতলকুচিতে বরেনচন্দ্র বর্মণের ক্ষেত্রেও ‘অ্যাক্টিভিটির অভাব’ নেতিবাচক প্রভাব ফেলেছে।

এদিকে, প্রার্থী তালিকা হিন্দিতে প্রকাশ হওয়ায় তৃণমূল ইতিমধ্যেই বিজেপিকে আক্রমণ শুরু করেছে। ‘বাঙালি বনাম অবাঙালি’ ইস্যুতে নতুন করে রাজনৈতিক লড়াইয়ের মঞ্চ তৈরি হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সব মিলিয়ে, বিজেপির এই প্রার্থী তালিকা স্পষ্ট বার্তা দিচ্ছে—এ বার ভোটে ব্যক্তিগত প্রভাব নয়, ডেটা-ড্রিভেন সিদ্ধান্তই চালাবে রাজনীতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর