নজরবন্দি ব্যুরো: “মানুষকে লুঠছে বিজেপি!” মেগা রবিবারের প্রথম টুইট তোপ মমতার। মানুষকে লুঠছে বিজেপি! বিতৃষ্ণা এসেছে কেন্দ্রের ওপর! মোদীর হাইভোল্টেজ ব্রিগেডের আগে বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকার আর তাদের একাধিক পদক্ষেপের বিরুদ্ধে ঝাঁঝালো বার্তা দিলেন টুইটারে। আজ বাংলায় রীতিমত মেগা রবিবার। এক নয় একদিন একেবারে দুটো হাইভোল্টেজ সভার সাক্ষী থাকবে রাজ্যের দুই প্রান্ত।
আরও পড়ুনঃ“বাংলা কাশ্মীর হলে সমস্যা কোথায়?” শুভেন্দুকে পাল্টা তোপ ওমর আবদুল্লাহর।
বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। দফায় দফায় রাজ্যে এসে প্রচার করে গেছেন ডলের কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা। আর ভোটের দিনক্ষণ ঘোষণার ঠিক ১০ দিনের মাথায় বাংলায় একেবারে হাইভোল্টেজ ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে বিজেপি। প্রধান বক্তা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভায় উপস্থিত থাকবেন বিজেপির সকল কর্মকর্তা থেকে কর্মী নেতারা। ব্রিগেডে উপস্থিত থাকতে গতকালই শহরে এসে পৌঁছেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।
কিন্তু একটা গোটা ছুটির দিনের লাইমলাইট বিজেপিকে দিতে নারাজ ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা কলকাতা কার্যত মুড়ে ফেলা হয়েছে “বাংলা নিজের মেয়েকেই চায়” ব্যানারে। তাছাড়া যখন কলকাতায় বক্তৃতা দেবেন নরেন্দ্র মোদী, তখনই উত্তরবঙ্গে পয়েন্ট ধরে ধরে উত্তর দেবেন মুখ্যমন্ত্রী।
গতকালই শিলিগুড়িতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। রানার গ্যাসের দাম, সকল পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে শুধু মহিলাদের নিয়ে শিলিগুড়িতে সভা করবেন তিনি। দার্জিলিং মোড় থেকে শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। প্রায় সাড়ে ৩ কিলোমিটার হেঁটে শেষ হবে ভেনাস মোড়ে।
সেই সভার আগেই সারাদিনের আগাম ঝাঁঝের প্রকাশ ঘটিয়ে রাখলেন নিজের টুইটে। যেনো বাংলায় এসে বাংলার মানুষের থেকে কী কী শুনতে হতে পারে দেশের প্রধানমন্ত্রীকে তার একটা আগাম ঝলক দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী।
“মানুষকে লুঠছে বিজেপি!” মেগা রবিবারের প্রথম টুইট তোপ মমতার। তিনি টুইটে স্পষ্ট জানিয়েছেন ” রান্নার গ্যাসের দাম বাড়িয়ে রোজ মানুষকে লুটছে বিজেপি,মহিলারা সবথেকে বেশি আক্রান্ত। কর কমিয়ে মানুষের ওপর বোঝা কমানোর কোনো ইচ্ছেই নেই। আমার বৃতিষ্ণা এসে গেল।” যেখানে দিনের শুরুতেই রাজ্যবাসীর হয়ে টুইটে সাওয়াল করেছেন মুখ্যমন্ত্রী, তাতে সারাদিন যে রাজ্যের প্রধান বনাম দেশের প্রধানের টক্কর হবে সমানে সমানে তা বলাই বাহুল্য।



