নজরবন্দি ব্যুরোঃ বিকাশের গাড়ি না ওল্টালে উল্টে যেত যোগী সরকার? বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকাল মন্দির থেকে গ্রেফতার করা হয়েছিল কানপুরের কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবে কে। গ্রেফতার করার পরে মধ্যপ্রদেশের পুলিশ গতকাল সন্ধ্যায় তাকে তুলে দেয় উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফের হাতে। আজ গ্যাংস্টার বিকাশকে উজ্জয়নী থেকে সুরক্ষা বলয়ে ঘিরে নিয়ে আসা হচ্ছিল উত্তরপ্রদেশের শিবলিতে। রাস্তায় কানপুরের কাছে এসে উল্টে যায় সুরক্ষা বলয়ে থাকা কনভয়ের একটি গাড়ি।
তাৎপর্য পূর্ণ ভাবে ওই গাড়িতেই ছিল বিকাশ! পুলিশের কথায় গাড়ি উল্টে যাওয়ার পরে পুলিশের পিস্তল ছিনিয়ে পালানোর চেষ্টা করে বিকাশ গুলিও চালায়। তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ এবং মৃত্যু হয় পুলিশের!
আরও পড়ুনঃ করোনা নিয়ন্ত্রনে কম্যান্ডো নামাল পিনারাই বিজয়নের কেরল সরকার।
বিষয়টা ১০০% বিশ্বাসযোগ্য না হলেও ফুলপ্রুফ করার সবরকম চেষ্টা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কারন বিকাশ দুবে পুলিশের জেরায় মুখ খুলে দিলে অনেকের মুখোশ খসে পড়ত বলে মনে করছে রাজনৈতিক মহল। কনভয়ের গাড়ি উল্টে যাওয়া এবং এনকাউন্টার নিয়ে পুলিশের করা দাবিতে প্রশ্ন তুলেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। অখিলেশ যাদব বলেছেন “আসলে গাড়ি ওল্টায়নি। রহস্য ফাঁস হয়ে গেলে সরকার উল্টে যেত। সেটা ঠেকানো গিয়েছে।”
অন্যদিকে উত্তরপ্রদেশের প্রাক্তন আর এক মুখ্যমন্ত্রী মায়াবতীও তোপ দেগেছেন। মায়াবতী সুপ্রিম কোর্টের ত্বত্তাবধানে নিরপেক্ষ তদন্তের দাবি করে বলেছেন, “কানপুর পুলিশ হত্যাকাণ্ডের পাশাপাশি, বিকাশ দুবের গাড়ি উল্টে যাওয়া এবং পুলিশের হাতে তার মৃত্যু, সুপ্রিম কোর্টের নজরদারিতে সমস্ত ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।”
পাশাপাশি তোপ দেগেছেন প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর বক্তব্য, “অপরাধী না হয় শেষ হয়ে গেল, কিন্তু অপরাধীকে যারা নিরাপত্তা দিয়ে আসছিল, তাদের কী হবে?” অন্যদিকে কংগ্রেস মুখপাত্র, রণদীপ সুরজেওয়ালা প্রশ্ন তুলেছেন বিকাশের মৃত্যু নিয়ে। তিনি বলেছেন, “এনকাউন্টারে মৃত্যু বিকাশ দুবের। এমনটা যে হতে চলেছে, আগে থেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকে।
কিন্তু কিছু প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। ১) যদি পালাতেই হতো, তাহলে উজ্জয়িনীতে ধরা দিল কেন? ২) অপরাধী এমন কী জানত, যা প্রকাশ্যে এলে শাসকের চেহারাটা সামনে চলে আসত? ৩) অপরাধীর গত ১০ দিনের কল রেকর্ড প্রকাশ করা হল না কেন?
বিকাশের গাড়ি না ওল্টালে উল্টে যেত যোগী সরকার? প্রশ্ন অনেক কিন্তু উত্তর অধরা। তবে বিকাশের তান্ডব এবং পাল্টা এঙ্কাউন্টার ঘিরে যে প্রশ্ন দানা বাঁধছে তা অমুলক নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল।



