শোকের বাড়িতে রাজনীতি! বিজয়গড়ে পাপিয়া অধিকারীকে ঘিরে বিক্ষোভ, ফিরে যেতে বললেন স্থানীয়রা

রাহুলের মৃত্যুর শোকের মাঝেই বিজয়গড়ে রাজনৈতিক উত্তেজনা—বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর উপস্থিতি ঘিরে স্থানীয়দের বিক্ষোভ, শোকস্থানে প্রচারের বিরোধিতা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে রাজনৈতিক উপস্থিতি ঘিরে উত্তেজনা ছড়াল দক্ষিণ কলকাতার বিজয়গড়ে। বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী সেখানে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা—শোকের আবহে স্লোগান ও প্রচার মানতে নারাজ এলাকার বাসিন্দারা, শুরু হয় তুমুল বচসা।

সোমবার সকালে প্রচারে বেরিয়ে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী পৌঁছে যান ৬/৮৮ বিজয়গড় রোডের অনন্যা অ্যাপার্টমেন্টের সামনে, যেখানে প্রয়াত অভিনেতার বাসভবন। তাঁর সঙ্গে ছিলেন একাধিক বিজেপি কর্মী-সমর্থক। অভিযোগ, এলাকায় ঢোকার পর থেকেই স্লোগান দেওয়া শুরু হয়, যা ঘিরেই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা।

এলাকার বাসিন্দাদের একাংশ সরাসরি জানিয়ে দেন, এই পরিস্থিতিতে রাজনৈতিক প্রচার অনভিপ্রেত। তাঁদের বক্তব্য, “এটা শোকের জায়গা, এখানে স্লোগান দেওয়া বা রাজনৈতিক কর্মসূচি করা উচিত নয়।” এর জেরেই মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের সঙ্গে বিজেপি সমর্থকদের বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে হট্টগোলে রূপ নেয়।

ঘটনাস্থলে কিছু সময়ের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। যদিও পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে, তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর।

উল্লেখ্য, রবিবার দিঘায় ধারাবাহিকের শুটিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শুটিং চলাকালীন বিকেলে জলে নামার পর তিনি তলিয়ে যান। সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই মৃত্যু হয় তাঁর। এই আকস্মিক মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি পরিবার, বন্ধু ও অনুরাগীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর