লোকসভা নির্বাচনের পর প্রথম পরীক্ষা পাশ করে গেল তৃণমূল কংগ্রেস। বিধানসভা উপনির্বাচনে চার কেন্দ্রেই জয় পেল শাসক দল। অন্যদিকে, কার্যত ধরাশায়ী রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। জেতা তিন আসন হাতছাড়া করল তাঁরা। গত ১০ জুলাই রাজ্যের রানাঘাট দক্ষিণ, বাগদা, রায়গঞ্জ ও মানিকতলা আসনে ভোটগ্রহণ হয়। আজ, ১৩ তারিখ ফলাফল প্রকাশে দেখা গেল, চারটি কেন্দ্রই জিতেছে তৃণমূল।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে মানিকতলা কেন্দ্র থেকে জেতেন তৃণমূলের সাধন পাণ্ডে। কিন্তু ২০২২ সালের ২০শে ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়। যে কারণেই এবার মানিকতলায় উপনির্বাচন হল। এই কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয় সাধনের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে। অন্যদিকে একুশের বিধানসভায় পরাজিত প্রার্থী তথা ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকেই ফের একবার টিকিট দেয় বিজেপি। সদ্য সমাপ্ত লোকসভা ভোটের নিরিখে এই কেন্দ্র থেকে মাত্র ৩ হাজার ভোটে জেতেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেখানে এবার সুপ্তি পাণ্ডে কল্যাণকে হারালেন ৬২ হাজারের বেশি ভোটে।



অন্যদিকে, বাগদা বিধানসভা কেন্দ্র একুশের নির্বাচনে বিজেপির দখলে যায়। জেতেন বিশ্বজিত দাস। এরপর লোকসভার আগে তিনি যোগ দেন তৃণমূলে। তাঁকে বনগাঁ লোকসভার প্রার্থীও করা হয়। কিন্তু, তিনি হেরে যান বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের কাছে। বিশ্বজিত তৃণমূলে যোগ দেওয়াতেই বাগদায় উপনির্বাচন হল। এই কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী করে তাঁদের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে। বিজেপির হয়ে লড়াই করেন বিনয় কুমার বিশ্বাস। লোকসভার নিরিখে বাগদায় ২০ হাজারের বেশি ভোটে এগিয়ে ছিল বিজেপি। সেখানে এবার বাগদায় মধুপর্ণা জিতলেন ৩৪ হাজারের বেশি ভোটে। উল্লেখযোগ্যভাবে, ১৩ বছর পর বাগদা পুনরুদ্ধার করল তৃণমূল।
উপনির্বাচনে ৪-০ তৃণমূল-বিজেপি! মমতার চার সৈনিক, কোথায় কত ভোটে জিতলেন?
এবার আসা যাক, রায়গঞ্জের কথায়। একুশের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে বিজেপির হয়ে জেতেন কৃষ্ণ কল্যাণী। এরপর তিনি যোগদান করেন তৃণমূলে। লোকসভায় রায়গঞ্জ থেকে তাঁকে প্রার্থীও করেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি জয় পাননি। কৃষ্ণ কল্যাণী দলত্যাগ করাতেই রায়গঞ্জে উপনির্বাচন হল। ফলাফল প্রকাশের পর দেখা গেল, রায়গঞ্জ উপনির্বাচনে ৫০ হাজার ৭৭ ভোটের ব্যবধানে জিতলেন কৃষ্ণ কল্যাণী।



উপনির্বাচন হয় রানাঘাট দক্ষিণেও। এখানেই কাহিনীটাও অনেকটাই একরকম। একুশের বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণে কেন্দ্র থেকে পদ্ম-প্রতীকে জেতেন মুকুটমণি অধিকারী। এরপর তিনি যোগদান করেন তৃণমূলে। লোকসভায় রানাঘাট থেকে তাঁকে প্রার্থীও করে তৃণমূল। কিন্তু তিনি হেরে যান। মুকুটমণি দলত্যাগ করাতেই রানাঘাট দক্ষিণে উপনির্বাচন হল। ফলাফল প্রকাশের পর দেখা গেল, রানাঘাট দক্ষিণ উপনির্বাচনে প্রায় ৩৪ হাজার ভোটের মার্জিনে জিতলেন কৃষ্ণ কল্যাণী।







